রবিবার ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-১১-০৮ ১৮:৫০:০৩
জুয়েল রানা, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান এমপি বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সততা, নিষ্ঠা, দেশপ্রেম ও উন্নয়নের এক উজ্জ্বল দৃষ্টান্ত। অন্যদিকে শেখ হাসিনা আর কোনো দিন বাংলাদেশে ফিরবেন না বলেও মন্তব্য করেছেন তিনি।
রোববার (৮ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের সখীপুর উপজেলা ডাকবাংলো চত্বরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জিয়াউর রহমানের অবদান তুলে ধরে মন্ত্রী বলেন, তিনি জীবনের শেষ দিন পর্যন্ত দেশের সেবা করেছেন। কৃষকের সঙ্গে মাঠে নেমে কোদাল হাতে কাজ করেছেন। সাড়ে তিন বছরে তিনি বাংলাদেশকে বিশ্বদরবারে সম্মানের আসনে প্রতিষ্ঠিত করেছিলেন। ৭ নভেম্বর সিপাহি-জনতার বিপ্লবের মহানায়ক ছিলেন জিয়াউর রহমান। পরবর্তী সময়ে তিনি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
মন্ত্রী আরও বলেন, জিয়াউর রহমানের সহধর্মিণী বেগম খালেদা জিয়াও গণতন্ত্র ও দেশ গঠনে কাজ করেছেন। তাঁদের সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করছেন।
শেখ হাসিনার প্রসঙ্গে তিনি বলেন, শেখ হাসিনা বলেছিলেন, শেখের মেয়ে পালায় না। অথচ বাংলাদেশের রাজনীতিতে একমাত্র শেখের মেয়ে হাসিনাই পালিয়েছেন। তিনি ডিসেম্বরে দেশে ফিরবেন বলে যে আলোচনা চলছে, তা নেতা-কর্মীদের দিবাস্বপ্ন। তিনি আর ফিরবেন না। আওয়ামী লীগের নেতা-কর্মীদের নাশকতার সুযোগ দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন মন্ত্রী।
তিনি অভিযোগ করেন, পোশাকশিল্পে অস্থিরতা ও ভাঙচুর সৃষ্টির জন্য পতিত ফ্যাসিস্টদের পক্ষ থেকে লোকজন মাঠে নামানো হয়েছিল। সখীপুর থেকেও ১০০ থেকে ২০০ জনকে ভাঙচুরের জন্য পাঠানো হয়েছিল বলে তিনি দাবি করেন। তাঁদের তালিকা করা হচ্ছে বলেও জানান তিনি।
সখীপুরের উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কাঞ্চনপুরে বিমানঘাঁটি প্রতিষ্ঠার মাধ্যমে এ অঞ্চলকে মূল্যায়ন করেছিলেন। বর্তমানে সখীপুর-বাসাইলের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন ভবন নির্মাণ ও অবকাঠামো উন্নয়নের কাজ চলছে।
বন বিভাগের হয়রানি প্রসঙ্গে তিনি বলেন, মানুষের পুরোনো বসতভিটায় ঘর নির্মাণে অযথা বাধা দেওয়া যাবে না। বেআইনি আটিয়া বন অধ্যাদেশ বিলুপ্তির দাবিতে তিনি সংসদে দুবার কথা বলেছেন। সখীপুরের মানুষকে আর হয়রানি করা যাবে না বলেও তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক করেন।
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি খোরশেদ আলম, সিনিয়র সহসভাপতি নাসির উদ্দিন আহমেদ, সহসভাপতি আকবর আলী, সাংগঠনিক সম্পাদক সিকদার মো. সবুর রেজা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মীর আবুল হাশেম আজাদ, উপজেলা যুবদলের আহ্বায়ক ফরহাদ ইকবালসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।
এ সময় উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।