রবিবার ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-১০-১৮ ১২:৫৮:৪৩
শাহ রফিকুজ্জামান মিথুন, স্টাফ রিপোর্টার:
ইউনিয়ন পরিষদে কর্মরত গ্রামপুলিশ বাহিনীর সদস্যদের বেতন-ভাতা বৃদ্ধি, জাতীয় বেতন স্কেলে অন্তর্ভুক্তি এবং পদমর্যাদা অনুযায়ী সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবি উঠেছে। এ দাবিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব বরাবর স্মারকলিপি দিয়েছেন বাংলাদেশ গ্রামপুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়নের নেতারা।
স্মারকলিপিতে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, হিসাব সহকারী কাম গ্রামপুলিশ বাহিনীর দফাদার ও মহল্লাদারদের বেতন কাঠামোর বৈষম্য তুলে ধরা হয়েছে। এতে বাংলাদেশ জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী দফাদারদের ১৯তম গ্রেড এবং মহল্লাদারদের ২০তম গ্রেডে বেতন-ভাতা প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
স্মারকলিপিতে বলা হয়, ইউনিয়ন পরিষদের বিভিন্ন পদে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা নির্ধারিত বেতন কাঠামো অনুযায়ী সুযোগ-সুবিধা পেলেও গ্রামপুলিশ সদস্যরা তুলনামূলকভাবে সীমিত বেতনে দায়িত্ব পালন করছেন। একজন মহল্লাদারের মাসিক বেতন ৭ হাজার ৫০০ টাকা এবং একজন দফাদারের বেতন ৮ হাজার টাকা বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে। এ অবস্থায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে পরিবার-পরিজন নিয়ে জীবনযাপন করা তাঁদের জন্য কঠিন হয়ে পড়েছে বলে দাবি করেছেন সংগঠনের নেতারা।
স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, গ্রামপুলিশ বাহিনীর সদস্যরা দীর্ঘদিন ধরে ইউনিয়ন পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ, প্রশাসনিক কাজে সহযোগিতা এবং স্থানীয় পর্যায়ে সরকারি নির্দেশনা বাস্তবায়নে দায়িত্ব পালন করে আসছেন। অথচ তাঁদের বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। এ কারণে দীর্ঘদিন ধরে ন্যায্য দাবি আদায়ের আন্দোলন করেও প্রত্যাশিত সমাধান পাওয়া যায়নি বলে স্মারকলিপিতে অভিযোগ করা হয়েছে।
এতে অতীতের বিভিন্ন সময়ের আন্দোলন ও দাবিদাওয়ার প্রসঙ্গ তুলে ধরে বলা হয়, গ্রামপুলিশ সদস্যদের বেতন বৃদ্ধি এবং উৎসব ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করা জরুরি। তাঁদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক মর্যাদা প্রতিষ্ঠায় সরকারের কার্যকর উদ্যোগ প্রয়োজন।
স্মারকলিপিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি গ্রামপুলিশ বাহিনীর সদস্যদের জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী নির্ধারিত গ্রেডে বেতন-ভাতা প্রদান এবং অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
গ্রামপুলিশ বাহিনীর সদস্যদের দাবি, তাঁদের দীর্ঘদিনের সমস্যার স্থায়ী সমাধান হলে তাঁরা আরও উৎসাহ ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে পারবেন। এখন তাঁদের এই দাবির বিষয়ে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কী পদক্ষেপ নেয়, সেদিকেই তাকিয়ে রয়েছেন তাঁরা।