রবিবার ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-১১-০৮ ২৩:৫০:৪৩
আব্দুর রাজ্জাক বাপ্পী, ঠাকুরগাঁও প্রতিনিধি:
"করবো সমবায়, গড়বো দেশ-সবার জন্য বাংলাদেশ"—এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে নানা আয়োজনের মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার (৮ নভেম্বর) সকালে কুমারপুর উচ্চ বিদ্যালয়ের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে প্রথমে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে কুমারপুর উচ্চ বিদ্যালয়ের হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূল্লী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাদ্দাম হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসার (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম, ভূল্লী থানার সেকেন্ড অফিসার রাশেদুল ইসলাম রাশেদ, ঠাকুরগাঁও জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম, ভূল্লী বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোতাহার হোসেন এবং কুমারপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইলিয়াস আলী।
এ ছাড়া ভূল্লী প্রেসক্লাবের সভাপতি আব্দুর রাজ্জাক বাপ্পি, সাধারণ সম্পাদক সুজন আলী,ভূল্লী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ মিঠু ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা সহ স্থানীয় সাংবাদিক, সমবায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা সমবায়ের গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, সমবায়ভিত্তিক কার্যক্রম মানুষের অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন এবং সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে একটি সমৃদ্ধ সমাজ গড়ে তুলতে সমবায়ের বিকল্প নেই।
তারা সমবায় সমিতিগুলোকে আরও গতিশীল, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সমবায়ের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।