শনিবার ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-১০-৩১ ১৪:৩১:২০
জুয়েল রানা, সখিপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের সখীপুর উপজেলার কালিয়া ধলীপাড়া এলাকায় মাদক কারবার ও কথিত অসামাজিক কার্যকলাপের অভিযোগে মো. আব্দুল আলিম ও তাঁর স্ত্রী শাহানাজের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা। এ সময় অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তাঁরা।
শনিবার (৩১ অক্টোবর) স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। কর্মসূচিতে নারী-পুরুষসহ স্থানীয় বাসিন্দাদের উপস্থিতি লক্ষ্য করা যায়। তাঁরা ব্যানার হাতে নিয়ে এলাকার সামাজিক পরিবেশ রক্ষা এবং মাদকমুক্ত সমাজ গড়ার দাবিতে প্রতিবাদ জানান।
মানববন্ধনে অংশগ্রহণকারীদের অভিযোগ, মো. আব্দুল আলিম ও তাঁর স্ত্রী শাহানাজ দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবার এবং বিভিন্ন অসামাজিক কার্যকলাপের সঙ্গে জড়িত। তাঁদের কথিত কর্মকাণ্ডের কারণে স্থানীয় পরিবেশ ও সামাজিক শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে বলে দাবি করেন এলাকাবাসী। এসব বিষয়ে একাধিকবার উদ্বেগ প্রকাশ করা হলেও কার্যকর সমাধান না পাওয়ায় তাঁরা প্রকাশ্যে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়েছেন বলে জানান।
কর্মসূচি চলাকালে মানববন্ধনের দৃশ্য ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারের উদ্যোগ নেওয়া হলে তা বন্ধ করার চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন আয়োজকরা। তাঁদের দাবি, অভিযুক্ত পক্ষের লোকজন অথবা তাঁদের সহযোগীরা লাইভ সম্প্রচার বন্ধ করতে তৎপরতা চালান। এ ঘটনাকে কেন্দ্র করে কর্মসূচিতে উপস্থিত ব্যক্তিদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয় বলে জানা গেছে।
প্রতিবাদকারীরা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনকেই বিপন্ন করে না, বরং একটি পরিবার, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্যও মারাত্মক হুমকি তৈরি করে। তাই এলাকার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে এ ধরনের অভিযোগের নিরপেক্ষ তদন্ত জরুরি।
মানববন্ধন থেকে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি দ্রুত অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়। একই সঙ্গে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা।
এলাকাবাসীর প্রত্যাশা, প্রশাসনের কার্যকর পদক্ষেপের মাধ্যমে কালিয়া ধলীপাড়ায় শান্তি, নিরাপত্তা ও সুস্থ সামাজিক পরিবেশ নিশ্চিত হবে।
মো. আব্দুল আলিম ও তাঁর স্ত্রী শাহানাজের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে তাঁদের কোন বক্তব্য এখনও পাওয়া যায়নি।