শনিবার ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

টাঙ্গাইলের মির্জাপুরে ৩০০ বস্তা ইউরিয়া সারবোঝাই ট্রাক উল্টে পুকুরে, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা

প্রকাশিত: ২০২৬-১০-৩১ ০৪:৩৪:৪২

News Image

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের মির্জাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ৩০০ বস্তা ইউরিয়া সারবোঝাই একটি ট্রাক পুকুরে উল্টে পড়েছে। এতে পানিতে ডুবে সম্পূর্ণ সার নষ্ট হয়ে গেছে। দুর্ঘটনায় প্রায় চার লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ডিলার। ঘটনার পর থেকে ট্রাকের চালক ও হেলপার পলাতক রয়েছেন।

 

শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলার ভাওড়া ইউনিয়নের ভাওড়া সরকারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

 

স্থানীয় সূত্রে জানা যায়, ঘোড়াশাল সার কারখানা থেকে ৩০০ বস্তা ইউরিয়া সার উত্তোলন করে নিজ ইউনিয়ন ভাওড়ায় নিয়ে যাচ্ছিলেন সার ডিলার আমজাদ হোসেন। পথে ভাওড়া সরকারপাড়া এলাকার একটি সরু সড়ক দিয়ে যাওয়ার সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি পুকুরে উল্টে পড়ে। এতে ট্রাকে থাকা বিপুল পরিমাণ সার পানিতে তলিয়ে যায়।

 

সার ডিলার আমজাদ হোসেন জানান, গ্রামের সড়কটি অত্যন্ত সরু হওয়ায় ট্রাকটি চলাচলের সময় এ দুর্ঘটনা ঘটে। পুকুরের পানিতে ডুবে যাওয়ায় ৩০০ বস্তা ইউরিয়া সারই নষ্ট হয়ে গেছে। এতে তাঁর প্রায় চার লাখ ৫ হাজার টাকার আর্থিক ক্ষতি হয়েছে।

 

এ বিষয়ে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি উদ্ধারের চেষ্টা করে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে পানিতে পড়ার পর ইউরিয়া সার গলে নষ্ট হয়ে গেছে।

 

মির্জাপুর উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা খাতুন জানান, দুর্ঘটনার বিষয়টি তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে।

 

এদিকে দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার ঘটনাস্থল থেকে চলে যাওয়ায় তাঁদের অবস্থান সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭