বৃহস্পতিবার ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-০৫-১৪ ১১:৫৫:০৪
নিজস্ব প্রতিনিধি:
“অটিজম কোন সীমাবদ্ধতা নয়– প্রতিটি জীবন মূল্যবান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলে জেলা প্রশাসক কার্যালয়ে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালীর মধ্য দিয়ে “বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০২৬” পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সকালে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলক র্যালী বের করা হয়। র্যালীতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোররা অংশগ্রহণ করেন। র্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ হয়।

পরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, অটিজম কোনো প্রতিবন্ধকতা নয়; যথাযথ পরিচর্যা, শিক্ষা ও সামাজিক সহযোগিতা পেলে অটিজমে আক্রান্ত শিশুরাও সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম। তারা অটিজম বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি, বৈষম্য দূরীকরণ এবং বিশেষ শিশুদের জন্য অন্তর্ভুক্তিমূলক পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা আরও বলেন, পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত প্রচেষ্টায় অটিজমসম্পন্ন ব্যক্তিদের অধিকার নিশ্চিত করতে হবে। তাদের প্রতি সহমর্মিতা ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, সমাজসেবক, সাংবাদিক এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষে অটিজম সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন তথ্যচিত্র ও সচেতনতামূলক বার্তা প্রদর্শন করা হয়।