বৃহস্পতিবার ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-০৫-১৪ ১২:১৫:২৩
নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (১৩ মে ২০২৬) বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর অধীনে উপজেলার মোকনা ইউনিয়নের কেদারপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)। এসময় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের কাজে ব্যবহৃত ৩টি গাড়ি অকেজো করা হয় এবং ১টি গাড়ি জব্দ করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কেদারপুর এলাকায় একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। এর ফলে স্থানীয় পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি কৃষিজমি ও আশপাশের এলাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা তৈরি হচ্ছিল। এমন অভিযোগের ভিত্তিতেই প্রশাসন এ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে সংশ্লিষ্টদের সতর্ক করা হয় এবং ভবিষ্যতে অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আরও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়।
উপজেলা নির্বাহী অফিসার বলেন, জনস্বার্থে অবৈধ বালু উত্তোলন বন্ধে জেলা জুড়ে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এ কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি পরিবেশ রক্ষা ও সরকারি আইন বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।
স্থানীয়রা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত নজরদারি ও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
জনস্বার্থে পুরো জেলায় এ অভিযান অব্যাহত থাকবে।