মঙ্গলবার ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

টাঙ্গাইলের সখীপুরে জেলা প্রশাসকের দিনব্যাপী পরিদর্শন, শিক্ষাপ্রতিষ্ঠান পরিচ্ছন্ন রাখার নির্দেশ

প্রকাশিত: ২০২৬-১১-১৬ ২৩:২৪:০৮

News Image

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের সখীপুর উপজেলায় দিনব্যাপী পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ। 

 

আজ সোমবার (১৬ নভেম্বর, ২০২৬) নিয়মিত উপজেলা পরিদর্শন কার্যক্রমের অংশ হিসেবে তিনি উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান ও সখীপুর থানা পরিদর্শন করেন।

 

পরিদর্শনের শুরুতে জেলা প্রশাসক সখীপুর থানা পরিদর্শন করেন। এ সময় তিনি থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি, সার্বিক কার্যক্রম ও জনসেবার বিভিন্ন দিক সম্পর্কে খোঁজখবর নেন।

 

পরে তিনি গড়গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, উদয়ন উচ্চ বিদ্যালয়, সখীপুর আবাসিক মহিলা কলেজ এবং রতনপুর আবাসন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পরিষ্কার-পরিচ্ছন্নতার ঘাটতি ও বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা দেখে ক্ষোভ প্রকাশ করেন তিনি। এসব বর্জ্য এক সপ্তাহের মধ্যে সম্পূর্ণ অপসারণ করে শিক্ষার উপযোগী পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দেন।

 

এ সময় শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, নৈতিক মূল্যবোধ চর্চা এবং সহশিক্ষা কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করেন।

 

পরিদর্শনকালে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সহায়ক উপকরণ, পাটের তৈরি স্কুলব্যাগ, খেলাধুলার সামগ্রী ও গাছের চারা বিতরণ করেন জেলা প্রশাসক। একই সঙ্গে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সাহিত্য-সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। পরিবেশ সংরক্ষণেও শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকা রাখার পরামর্শ দেন তিনি।

 

পরে উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় সুধীজনের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন আবু সাঈদ। সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, সরকারি সেবার মানোন্নয়ন, বিভিন্ন দপ্তরের চলমান কার্যক্রম এবং স্থানীয় সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এ সময় তিনি সরকারি কর্মকর্তাদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি দপ্তরগুলোর মধ্যে সমন্বয়, স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনবান্ধব সেবা নিশ্চিত করার নির্দেশনা দেন।

 

এ ছাড়া নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানেও অংশ নেন তিনি। এ সময় শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের পড়াশোনার পাশাপাশি সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার মাধ্যমে সুপ্ত প্রতিভা বিকাশের ওপর গুরুত্ব দেন।

 

জেলা প্রশাসকের এ পরিদর্শনকে কেন্দ্র করে উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পরিবেশ উন্নয়ন, সরকারি দপ্তরের কার্যক্রমে গতিশীলতা এবং জনসেবার মানোন্নয়নে সংশ্লিষ্টদের মধ্যে দায়িত্বশীলতা বাড়ানোর বিষয়টি গুরুত্ব পায়।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭