বুধবার ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

Logo
Add Image

শিক্ষাঙ্গণ

ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘নজরুলের সাম্যবাদী দর্শন’ শীর্ষক সেমিনার

প্রকাশিত: ২০২৬-১০-২৮ ১৯:৪৬:৫২

News Image

টাঙ্গাইল দর্পণ নিউজ ডেস্ক:
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাম্যবাদী দর্শন, মানবমুক্তির চেতনা এবং সমকালীন সমাজে তাঁর চিন্তাধারার প্রাসঙ্গিকতা নিয়ে ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের শেখ কবির হোসেন সেমিনার হলে ‘নজরুলের সাম্যবাদী দর্শন’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করা হয়।

 

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক মোস্তফা কামাল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) ও কোষাধ্যক্ষ ড. মোঃ মুঞ্জুর-ই-খোদা তরফদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার ও পরীক্ষা নিয়ন্ত্রক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক মোঃ জাহাঙ্গীর হোসেন।

 

মূল প্রবন্ধে কাজী নজরুল ইসলামের সাম্যবাদী চেতনার বিভিন্ন দিক, শ্রেণিবৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার এবং শোষণ-বঞ্চনার বিরুদ্ধে তাঁর প্রতিবাদী অবস্থান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

 

বক্তারা বলেন, নজরুলের সাহিত্য, দর্শন ও জীবনবোধ তাঁর সময়ের সামাজিক বাস্তবতাকে ধারণ করার পাশাপাশি সমতা, সম্প্রীতি, অসাম্প্রদায়িকতা ও মানবমুক্তির যে চিরন্তন বার্তা দিয়েছে, তা বর্তমান সমাজেও সমানভাবে প্রাসঙ্গিক।

 

আলোচনায় বক্তারা আরও বলেন, নজরুলের সাম্যবাদী দর্শন মানুষে মানুষে বিভেদ দূর করে একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার অনুপ্রেরণা জোগায়। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে মানবিক মূল্যবোধ, সামাজিক দায়বদ্ধতা ও সাম্যভিত্তিক সমাজ গঠনের চেতনা বিকাশে তাঁর জীবন, সাহিত্য ও দর্শনের গুরুত্ব অপরিসীম।

 

সেমিনারে বক্তারা নজরুলের অসাম্প্রদায়িক ও সাম্যবাদী চেতনাকে ধারণ করে জ্ঞানচর্চা এবং মানবিক সমাজ বিনির্মাণে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

 

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭