বুধবার ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

৭ দফা দাবি আদায় না হলে এক দফায় রূপ নিতে পারে: মোবারক হোসেন

প্রকাশিত: ২০২৬-১০-২৮ ১৯:০৮:২৯

News Image

উবাঈদুল হুসাইন আল্ সামি , যশোর প্রতিনিধি:
সরকারের কাছে উত্থাপিত সাত দফা দাবি বাস্তবায়নে অগ্রগতি না হলে জনস্বার্থে এসব দাবি এক দফায় রূপ নিতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসেন।

 

বুধবার বেলা ১১টায় প্রেসক্লাব যশোরে ৩১ অক্টোবর শনিবার ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়া লংমার্চ সফল করার লক্ষ্যে ১১ দলীয় ঐক্য, যশোর জেলা আয়োজিত  সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

 

মোবারক হোসেন বলেন, ১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি মানুষের চাহিদা ও জনদুর্ভোগের ভিত্তিতে উত্থাপন করা হয়েছে। সরকারকে কাজ করার সুযোগ দিতে চান তারা। সরকারের কোনো কাজে বাধা সৃষ্টি করতে চান না, বরং জনস্বার্থে সহযোগিতা করতে চান। তবে আট মাসে সরকারের যে পরিমাণ কাজ করার কথা ছিল, তার যথেষ্ট অগ্রগতি দেখা যাচ্ছে না বলে তিনি মন্তব্য করেন।

 

তিনি বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি, জ্বালানি, গ্যাস ও বিদ্যুৎ নিয়ে মানুষের দুর্ভোগ রয়েছে। বিরোধী দল হিসেবে মানুষের এসব সংকটের বিষয়ে তারা সোচ্চার থাকবেন। সরকার সাত দফা দাবি যথাযথভাবে বিবেচনা না করলে ভবিষ্যতে তা এক দফায় রূপ নিতে পারে। তবে এটি ভবিষ্যৎ পরিস্থিতি ও জনস্বার্থের ওপর নির্ভর করবে বলে জানান তিনি।

 

৩১ অক্টোবরের লংমার্চের প্রস্তুতি সম্পর্কে মোবারক হোসেন বলেন, ঢাকাজাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সকাল ৭টায় উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হবে। এরপর বাগেরহাটের কাটাখালী মোড়, খুলনার বাবরি চত্বর, ফুলতলা এবং যশোরের মুড়লিপুরে কর্মসূচি পালনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এরপর ঝিনাইদহ, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়ায়ও বড় সমাবেশের প্রস্তুতি চলছে।

 

তিনি আরও বলেন, লংমার্চের সাফল্য নির্ধারণে সাধারণ মানুষের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ। যশোরের বিভিন্ন সড়কের দুই পাশে বিপুলসংখ্যক মানুষ লংমার্চকে স্বাগত জানাবেন বলে তারা আশা করছেন। যশোরে ঐতিহাসিক জনসমাগম হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

 

লংমার্চে শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে মোবারক হোসেন বলেন, সংবাদমাধ্যমের গাড়ি চিহ্নিত করতে বিশেষ স্টিকার ব্যবহারের ব্যবস্থা রাখা হচ্ছে, যাতে সাংবাদিকেরা সহজে এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারেন এবং বহরের শৃঙ্খলা বজায় থাকে।

 

সভায় সভাপতিত্ব করেন যশোর ৪ আসনের সাংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল এমপি। এ সময় এনসিপির যশোর জেলা আহবায়ক নুরুজ্জামানসহ ১১ দলীয় ঐক্যের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭