মঙ্গলবার ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-১১-১৮ ০০:৩৫:২৮
নিজস্ব প্রতিনিধি:
কৃষকদের কাছে সারের সহজলভ্যতা নিশ্চিত করা, সুষ্ঠু সার ব্যবস্থাপনা প্রতিষ্ঠা এবং কৃষি উৎপাদন কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে টাঙ্গাইলে নবনিয়োগপ্রাপ্ত সার ডিলারদের সঙ্গে চুক্তিপত্র সম্পাদন ও ‘সার ব্যবস্থাপনা সমন্বিত নীতিমালা, ২০২৬’ বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব আবু সাঈদ।
সভায় নবনিয়োগপ্রাপ্ত সার ডিলারদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তিপত্র সম্পাদনের পাশাপাশি ‘সার ব্যবস্থাপনা সমন্বিত নীতিমালা, ২০২৬’-এর বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক, ডিলারদের দায়িত্ব ও কর্তব্য এবং সার বিতরণ ও বিপণনসংক্রান্ত সরকারি নির্দেশনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় কৃষকদের চাহিদা অনুযায়ী যথাসময়ে, ন্যায্যমূল্যে ও নিরবচ্ছিন্নভাবে সার সরবরাহ নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে সার বিতরণ ব্যবস্থায় শৃঙ্খলা প্রতিষ্ঠা, স্বচ্ছতা বজায় রাখা এবং সরকারি নীতিমালার যথাযথ বাস্তবায়নের বিষয়ে ডিলারদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি ও দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সারের সুষ্ঠু ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে নবনিয়োগপ্রাপ্ত সার ডিলারদের সরকারি নীতিমালা ও নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে হবে। নির্ধারিত মূল্যতালিকা অনুযায়ী সার বিক্রয়, কৃত্রিম সংকট সৃষ্টি ও অবৈধ মজুতদারি প্রতিরোধ এবং সার বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, কৃষকদের স্বার্থ সংরক্ষণ এবং সার বিতরণ ব্যবস্থাকে সুশৃঙ্খল ও কার্যকর করতে সংশ্লিষ্ট সরকারি দপ্তর এবং সার ডিলারদের পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম, অনিয়ন্ত্রিত মূল্যবৃদ্ধি কিংবা সার সরবরাহে কৃত্রিম প্রতিবন্ধকতা যেন সৃষ্টি না হয়, সে বিষয়ে সতর্ক থাকার নির্দেশনা দেন তিনি।
সভায় জানানো হয়, কৃষকদের কাছে সারের নিরবচ্ছিন্ন সরবরাহ ও ন্যায্যমূল্যে প্রাপ্তি নিশ্চিত করতে জেলা প্রশাসন প্রয়োজনীয় তদারকি, পরিবীক্ষণ ও সমন্বয় কার্যক্রম অব্যাহত রাখবে। পাশাপাশি নতুন নীতিমালার যথাযথ বাস্তবায়নের মাধ্যমে সার বিতরণ ব্যবস্থায় স্বচ্ছতা, শৃঙ্খলা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
কৃষিবান্ধব সার ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং কৃষি উৎপাদনের ধারাবাহিকতা বজায় রাখতে এ সভাকে গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচনা করা হচ্ছে।