মঙ্গলবার ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-১১-১৭ ২৩:৪০:৫২
মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি:
মাগুরায় শিশু ও চক্ষু হাসপাতালের সার্বিক কার্যক্রমের অগ্রগতি, চিকিৎসাসেবার মানোন্নয়ন এবং সেবার পরিধি সম্প্রসারণের লক্ষ্যে হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মাগুরার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদ।
সভায় মাগুরা শিশু ও চক্ষু হাসপাতালের সার্বিক কার্যক্রম, বিদ্যমান চিকিৎসাসেবার মান, হাসপাতালের অবকাঠামোগত সুযোগ-সুবিধা, সেবার পরিধি বৃদ্ধি এবং বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় হাসপাতালের চিকিৎসাসেবা আরও আধুনিক, সহজলভ্য ও জনবান্ধব করার ওপর গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে শিশুদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, চক্ষু চিকিৎসার সুযোগ সম্প্রসারণ এবং সাধারণ মানুষের জন্য উন্নত চিকিৎসাসেবা প্রাপ্তি সহজ করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়টি আলোচনায় গুরুত্ব পায়।
সভায় হাসপাতালের বিদ্যমান সীমাবদ্ধতা চিহ্নিত করে সেগুলো পর্যায়ক্রমে সমাধানের পাশাপাশি চিকিৎসাসেবার গুণগত মান বৃদ্ধি, ব্যবস্থাপনার উন্নয়ন এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়েও আলোচনা করা হয়।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক হাসপাতালের কার্যক্রমকে আরও গতিশীল ও জনকল্যাণমুখী করার ক্ষেত্রে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্ব দেন। শিশু ও চক্ষু চিকিৎসাসেবার মতো গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সম্মিলিত উদ্যোগ ও কার্যকর পরিকল্পনার প্রয়োজনীয়তার বিষয়েও আলোচনা করা হয়।
সভায় জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধি এবং হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।