সোমবার ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-১১-০৯ ২০:৫৯:২৭
মো. নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলে নবনিযুক্ত জেলা প্রশাসক ডিসি আবু সাঈদ উপজেলা সার্বিক প্রশাসনিক শিক্ষামূলক ও স্বাস্থ্য সেবামূলক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে দিন ব্যাপী গোপালপুর উপজেলা পরিদর্শন করেছেন।
সফরকালে তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনের পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত গ্রাম পুলিশদের কাজের সুবিধার্থে সাইকেল, পরিবেশ সুরক্ষায় ফলজ গাছের চারা বিতরণ করেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান গুলো ঘুরে দেখেন। এ সময় তিনি শ্রেণীকক্ষে গিয়ে পাঠদানের গুণগতমান পর্যবেক্ষণ করেন এবং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের দৈনিক উপস্থিতির হার যাচাই করেন। শিক্ষা ক্ষেত্রে শতভাগ উপস্থিতি নিশ্চিত করার উপর বিশেষ গুরুত্বরোপ করে তিনি বলেন, প্রাথমিক শিক্ষাই হলো ভবিষ্যৎ নাগরিক গড়ার মূল ভিত্তি। বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়মিত উপস্থিতি তরকারি করতে হবে এবং শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে হবে। পরে তিনি স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন ওয়ার্ড ও বহির্বিভাগ পরিদর্শন করেন। সেখানে চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসা সেবার মান, সরকারি ওষুধ সরবরাহ এবং পরিবেশের পরিচ্ছন্নতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

পরিদর্শন কর্মসূচীর অংশ হিসেবে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে তৃণমূল পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত গ্রাম পুলিশদের দায়িত্ব পালনে আরো গতিশীলতা আনতে তাদের মাঝে নতুন সাইকেল বিতরণ করা হয়।
একই সাথে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের চারা রোপণ করেন তিনি।
উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই মতবিনিময় ও পরিদর্শন সভায় উপস্থিত ছিলেন গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার মঞ্জুরুল মোর্শেদ, সহকারী কমিশনার (ভূমি) মো. নবাব আলী, গোপালপুর থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম, সূতী ভি.এম. সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আতিকুর রহমান, প্রধান শিক্ষক মো. বদিউজ্জামান শিকদার, সহকারী অধ্যাপক কে.এম. শামীমসহ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীবৃন্দ।
জেলা প্রশাসকের এ শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিক বিকাশ এবং শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।