সোমবার ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

মানিক পশারীর জানাজা-দাফনে বাধা দেওয়ায় টাঙ্গাইলে মুক্তিযোদ্ধাদের তীব্র প্রতিবাদ, বিচারের দাবি

প্রকাশিত: ২০২৬-১১-০৩ ০০:১৭:৫৬

News Image

নিজস্ব প্রতিনিধি:
পিরোজপুরের চিতলিয়া গ্রামে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার ঘটনার প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন জেলার বীর মুক্তিযোদ্ধারা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ কর্মসূচি থেকে ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

 

সোমবার (২ নভেম্বর) সকাল ১১টার দিকে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলা ও বিভিন্ন উপজেলার থানা কমান্ডের বিপুলসংখ্যক বীর মুক্তিযোদ্ধা অংশগ্রহণ করেন।

 

মানববন্ধনে বক্তব্য দেন টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল আজিজ চানখা, সদস্য সচিব ভিপি হামিদ, যুগ্ম আহ্বায়ক শহীদ উদ্দিন, সরকারি কমান্ডার শাহজাহান সাজু, মনিন্দ্রমোহন ঘোষ, আব্দুস সালাম মিয়া, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নাসিম এন খান, মো. মাসুদ পারভেজ ও মোরশেদ তালুকদারসহ অন্যরা।

 

বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধে অবদান রাখা একজন বীর মুক্তিযোদ্ধার জানাজা, গার্ড অব অনার ও দাফন নিয়ে এমন পরিস্থিতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যে মানুষটি দেশের স্বাধীনতার জন্য কাজ করেছেন এবং মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করেছেন, মৃত্যুর পর তাঁর শেষ বিদায়েও বাধার সম্মুখীন হতে হয়েছে—এটি অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।

 

তাঁরা আরও বলেন, বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাঁদের সম্মান, মর্যাদা ও রাষ্ট্রীয় স্বীকৃতি রক্ষা করা সবার দায়িত্ব। মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার ঘটনায় প্রকৃত সত্য উদ্‌ঘাটনে নিরপেক্ষ তদন্ত করতে হবে এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে।

 

বক্তব্যে ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, ‘যারা মুক্তিযুদ্ধের চেতনা ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মানকে অবজ্ঞা করে, তাদের এই বাংলার মাটিতে জায়গা হবে না। রাজাকার ও পাকিস্তানি দোসরদের এ দেশে কোনো স্থান হতে পারে না।’

 

মানববন্ধন থেকে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর প্রতি যথাযথ সম্মান প্রদর্শন এবং ভবিষ্যতে কোনো বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদা ও শেষ বিদায়ের অধিকার যেন এভাবে বাধাগ্রস্ত না হয়, তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭