সোমবার ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

বর্ণাঢ্য আয়োজনে ৩১তম রাজশাহী ইন্টারন্যাশনাল জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ এর উদ্বোধন

প্রকাশিত: ২০২৬-১০-০৫ ২২:১০:১৭

News Image

এম আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি: 
আজ ৫ অক্টোবর সোমবার, সকালে রাজশাহী টেনিস কমপ্লেক্সে বেলুন-ফেস্টুন উড়িয়ে ও কেক কেটে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

 

বাংলাদেশসহ ১০টি দেশের শতাধিক খেলোয়াড় এবারের আসরে অংশ নিচ্ছেন। অংশগ্রহণকারী অন্য দেশগুলো হলো ভারত, থাইল্যান্ড, চাইনিজ তাইপেই, হংকং, নেপাল, জাপান, চীন, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র।

 

উদ্বোধনী অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী বলেন, আন্তর্জাতিক এ আয়োজন তরুণ খেলোয়াড়দের অভিজ্ঞতা অর্জন ও বিদেশি খেলোয়াড়দের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ তৈরি করছে। 

 

অনুষ্ঠানে সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, বাংলাদেশ টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ কারেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, আন্তর্জাতিক এই জুনিয়র টেনিস টুর্নামেন্ট তরুণ খেলোয়াড়দের জন্য গুরুত্বপূর্ণ একটি সুযোগ। বিভিন্ন দেশের খেলোয়াড়দের অংশগ্রহণে আয়োজিত এই প্রতিযোগিতার মাধ্যমে তারা অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ের খেলোয়াড়দের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাচ্ছেন। তিনি টুর্নামেন্টের আয়োজক, কোচ, খেলোয়াড়, অভিভাবক ও সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানান। আন্তর্জাতিক এই আয়োজন সফলভাবে সম্পন্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

 

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ বলেন, রাজশাহীতে এত বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন আনন্দের বিষয়। বাংলাদেশ, ভারত, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ডসহ বিভিন্ন দেশের খেলোয়াড়দের অংশগ্রহণে টুর্নামেন্টটি সফল হবে বলে আশা করেন তিনি। রাজশাহী জেলা পরিষদের প্রশাসক মুক্তিযোদ্ধা অ্যাডভোকেটের বক্তব্যেও টুর্নামেন্টের সফলতা কামনা করা হয়। 

 

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন রাজশাহী টেনিস কমপ্লেক্সের এ্যাডহক কমিটির আহবায়ক ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, রাজশাহী মহানগর পুলিশের কমিশনার মো. ফয়েজুল কবির, রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ।

 

স্বাগত বক্তব্য দেন টুর্নামেন্ট ডিরেক্টর হাসিনুর রহমান টিংকু। এছাড়াও রাজশাহী টেনিস কমপ্লেক্সের এ্যাডহক কমিটির সদস্য সচিব ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহা. সবুর আলী, জেলা ক্রীড়া কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, টুর্নামেন্টের মিডিয়া কমিটির আহ্বায়ক গোলাম মোস্তফা মামুন, সদস্য সবুর আলী, টেনিস কমপ্লেক্সের কর্মকর্তারা, খেলোয়াড়, কোচ, অভিভাবক ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

 

আয়োজকেরা জানান, ৫-১০ অক্টোবর রাজশাহী টেনিস কমপ্লেক্সে টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। বালক ও বালিকা এককে ৩২ জন করে এবং দ্বৈত ইভেন্টে ১৬টি করে ড্র থাকবে। বালকদের মধ্যে থাইল্যান্ডের লিকুল পাটচারাফুল এবং বালিকাদের মধ্যে ভারতের শেখ শাজফা শীর্ষ র‌্যাংকিংয়ের খেলোয়াড় হিসেবে অংশ নিচ্ছেন।

 

এবারের আসরে রাজশাহীর পাঁচজন খেলোয়াড় অংশ নিচ্ছেন। তাদের মধ্যে রাকিন রহমান ও বকুল আলী মেইন ড্রয়ে খেলবেন। ভারতের আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের হোয়াইট ব্যাজ রেফারি জয় মুখার্জী টুর্নামেন্ট রেফারির দায়িত্ব পালন করছেন।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭