সোমবার ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

কালিহাতী উপজেলার এলেঙ্গা মহাসড়কে ছিনতাইয়ের ঘটনায় ছুরিকাঘাতে ট্রাক চালক নিহত; আটক-২

প্রকাশিত: ২০২৬-১০-০৫ ১১:৩৮:৪২

News Image

টাঙ্গাইলের কালিহাতীতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ছিনতাইয়ের সময় হামলায় মো. রাজীব হোসেন (৩২) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত দুজনকে আটক করেছে পুলিশ।

নিজস্ব প্রতিনিধি:
রোববার (৪ অক্টোবর) ভোররাত আনুমানিক ২টা থেকে সাড়ে ৪টার মধ্যে উপজেলার এলেঙ্গা পৌরসভা এলাকায় মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে।

 

নিহত রাজীব হোসেন লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার ঠ্যাংজোড়া এলাকার আবুল হোসেনের ছেলে। তিনি কুড়িগ্রাম থেকে পাথরবোঝাই একটি ট্রাক নিয়ে ঢাকার দিকে যাচ্ছিলেন।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এলেঙ্গা এলাকায় মহাসড়কের পাশে ট্রাক থামিয়ে প্রকৃতির ডাকে সাড়া দিতে নিচে নামেন রাজীব। এ সময় কয়েকজন ছিনতাইকারী তার ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। ছিনতাইয়ে বাধা দেওয়ায় ধারালো অস্ত্র ও ছুরিকাঘাতে তাকে গুরুতর জখম করা হয়। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

রাজীবের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে ঘটনাস্থল থেকে মিন্টু (৩২) নামে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে ফারুক নামে আরও একজনকে আটক করে।

 

নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও আটকের পাশাপাশি ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭