রবিবার ০২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-০৮-০২ ১৭:৪৫:০১
মোঃ কামরুজ্জামান সরকার বাবু, পোরশা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর সাপাহার উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১০২ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ (ফেন্সিডিলের বিকল্প মাদকদ্রব্য) উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ রবিবার (২ আগস্ট, ২০২৬) বিকেল আনুমানিক ৩টার দিকে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর অধীনস্থ আদাতলা বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. রেজাউল করিমের নেতৃত্বে সাপাহার উপজেলার নবআদাতলা সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে মালিকবিহীন অবস্থায় ১০২ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট চোরাকারবারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানা গেছে। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধারকৃত মাদকদ্রব্য আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নওগাঁ জেলার সাপাহার থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক, গরু ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।
এ বিষয়ে নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি বলেন, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় অবৈধ সীমান্ত পারাপার, গরু ও মাদক পাচার এবং সব ধরনের চোরাচালান রোধে বিজিবির সর্বাত্মক অভিযান অব্যাহত থাকবে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সবসময় কঠোর অবস্থানে রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।