বুধবার ২০ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-০৫-১৯ ১৮:৫৮:২৫
উবাঈদুল হুসাইন আল্ সামি, যশোর প্রতিনিধি:
সাধারণ মানুষকে হয়রানিমুক্ত ও সহজ ভূমিসেবা প্রদানের লক্ষ্যে যশোরে তিনদিনব্যাপী ভূমি মেলা শুরু হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় শহরের টাউনহল মাঠে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কমলেশ মজুমদার, সিনিয়র সহকারী কমিশনার গুঞ্জন বিশ্বাস, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, যশোর দায়রাজজ আদালতের পাবলিক প্রসিকিউটর ও বিএনপি জেলা সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বলেন, “সাধারণ মানুষকে হয়রানিমুক্ত ও সহজ ভূমিসেবা প্রদান করাই এ মেলার মূল উদ্দেশ্য। সেবা গ্রহীতারা যেন এক ছাদের নিচে দ্রুত সব সেবা পান, সে ব্যবস্থাই করা হয়েছে।”
তিনি জানান, মেলায় সাতটি স্টলের মাধ্যমে ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা প্রদান করা হবে। স্টলগুলোতে নামজারি আবেদন গ্রহণ ও নিষ্পত্তি, ভূমি উন্নয়ন কর আদায়, খতিয়ানের সার্টিফাইড কপি সরবরাহ, মৌজা ম্যাপ বিতরণ, অনলাইনে ভূমিসেবার আবেদন প্রক্রিয়া সম্পর্কে ধারণা দেওয়া হচ্ছে। পাশাপাশি আগত মানুষের অভিযোগ ও পরামর্শ গ্রহণ করে তা নথিভুক্ত করা হচ্ছে।
জেলা প্রশাসক আরও বলেন, “ভূমি অফিস নিয়ে মানুষের যে ভীতি ও হয়রানির অভিযোগ রয়েছে, তা দূর করতে সরকার ডিজিটালাইজেশনের পথে হাঁটছে। এই মেলা তারই অংশ। এখানে সরাসরি কর্মকর্তাদের সঙ্গে কথা বলে সমস্যার সমাধান মিলবে।”
উদ্বোধনের পর জেলা প্রশাসক মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এ সময় তিনি সেবা গ্রহীতাদের সঙ্গে কথা বলেন এবং দ্রুত সেবা নিশ্চিত করতে কর্মকর্তাদের নির্দেশনা দেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কমলেশ মজুমদার জানান, মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে। ভূমি মালিকরা জাতীয় পরিচয়পত্র ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে এলে তাৎক্ষণিকভাবে অনেক সেবা পাবেন। নামজারির আবেদন অনলাইনে করে দেওয়া হচ্ছে এবং হোল্ডিং নম্বর তাৎক্ষণিকভাবে জানানো হচ্ছে।
মেলায় আসা সেবাগ্রহীতা সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের কৃষক হাসিবুর রহমান বলেন, “আগে ভূমি অফিসে গেলে দিনের পর দিন ঘুরতে হতো। আজ মেলায় এসে ৩০ মিনিটে খাজনার রসিদ কাটতে পেরেছি। এমন আয়োজন প্রতিবছর হওয়া দরকার।”
পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, “ভূমি সংক্রান্ত বিরোধ থেকে অনেক অপরাধের সূত্রপাত হয়। দ্রুত ও স্বচ্ছ সেবা নিশ্চিত হলে সামাজিক শান্তি বজায় থাকবে।”
আয়োজকরা জানান, তিনদিনব্যাপী এই মেলায় ভূমি সচেতনতা বৃদ্ধিতে লিফলেট বিতরণ ও ভিডিও প্রদর্শনীর ব্যবস্থাও রাখা হয়েছে। শিক্ষার্থীদের জন্যও ভূমি আইন সম্পর্কে জানার সুযোগ থাকছে।
মেলা শেষ হবে বৃহস্পতিবার বিকালে। আয়োজকদের প্রত্যাশা, এই আয়োজনের মাধ্যমে যশোরে ভূমিসেবায় স্বচ্ছতা ও গতিশীলতা আরও বাড়বে।