সোমবার ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

বগুড়ার আদমদীঘিতে জ্বীনের বাদশা পরিচয়ে প্রতারণা, আটক-০১

এম আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘিতে জ্বীনের বাদশা পরিচয়ে ধর্মীয় বিশ্বাসকে পুঁজি করে প্রতারণার অভিযোগে মজনু মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে স্থানীয় জনতা। 

 

উট কোরবানির কথা বলে এক লাখ ২৮ হাজার টাকা হাতিয়ে নেওয়ার পর স্বর্ণালংকার নেওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

 

আজ ১৫ নভেম্বর, ২০২৬ রবিবার দুপুরে এ ঘটনায় মজনু মিয়াসহ তিনজনের বিরুদ্ধে আদমদীঘি থানায় মামলা দায়ের করা হয়। পরে বিকেলে গ্রেপ্তার মজনুকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

 

গ্রেপ্তার মজনু মিয়া গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বিশ্বনাথপুর পশ্চিমপাড়ার মোজাম্মেল হকের ছেলে। এ ঘটনায় ভুক্তভোগী আজাহার আলী মোল্লার বাড়ি আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের বাগিচাপাড়া এলাকায়।

 

অভিযোগ সূত্রে জানা যায়, মজনু মিয়াসহ কয়েকজন ব্যক্তি প্রথমে ধর্মীয় কথাবার্তার মাধ্যমে তার স্ত্রীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করেন। পরে নিজেদের জ্বীনের বাদশা পরিচয় দিয়ে তার স্বামীর সঙ্গে কথা বলতে চান।

 

একপর্যায়ে তারা একটি উট কোরবানির জন্য দেড় লাখ টাকা দাবি করেন। বিনিময়ে সাত হাঁড়ি স্বর্ণমুদ্রা দেওয়ার প্রলোভন দেখান। তাদের কথায় বিশ্বাস করে আজাহার আলী উপজেলা পরিষদ মসজিদের পেছনে একটি কড়ইগাছের নিচে গিয়ে এক লাখ ২৮ হাজার টাকা দেন। এ সময় তার স্ত্রীর হাতে কাগজে মোড়ানো একটি পুতুল দিয়ে উট কোরবানি না হওয়া পর্যন্ত সেটি খুলতে নিষেধ করা হয়।

 

অভিযোগে আরও বলা হয়, পরদিন প্রতারকরা আবারও টাকা দাবি করেন। টাকা দিতে না পারায় তারা স্ত্রীর স্বর্ণালংকার নিয়ে আসতে বলেন। সেই অনুযায়ী শনিবার (১৪ নভেম্বর) বিকেলে আজাহার আলী স্ত্রীর স্বর্ণালংকার নিয়ে উপজেলার পুকুরপাড় এলাকায় একটি কড়ইগাছের নিচে রেখে আসেন। পরে অভিযুক্তরা স্বর্ণালংকার নিতে এলে স্থানীয়দের সহায়তায় মজনু মিয়াকে আটক করা হয়। এ সময় তার সঙ্গে থাকা অন্য দুজন পালিয়ে যান।

 

এ ঘটনায় মজনু মিয়া ছাড়াও সাজু মিয়া (৪৫) ও মোস্তফা (২৫) নামে আরও দুজনকে আসামি করা হয়েছে।
 


সর্বশেষ

জনপ্রিয়

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭