বুধবার ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩

Logo
Add Image

জাতীয়

ইরানের আমন্ত্রণে খামেনেয়ী’র রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

টাঙ্গাইল দর্পণ নিউজ ডেস্ক:
আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনেয়ী’র রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে তেহরান যাচ্ছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের আনুষ্ঠানিক আমন্ত্রণে তিনি এ সফর করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

 

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, খামেনির শেষ বিদায় অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য বাংলাদেশের স্পিকারের কাছে আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পাঠিয়েছে ইরান। সেই আমন্ত্রণ গ্রহণ করে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে তেহরান যাচ্ছেন। কূটনৈতিক সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার (৩ জুলাই) তার তেহরান সফরের কথা রয়েছে।

 

ইরান সরকার কয়েক দিনব্যাপী রাষ্ট্রীয় আয়োজনে দেশটির সাবেক সর্বোচ্চ নেতাকে শেষ শ্রদ্ধা জানাবে। শুক্রবার (৪ জুলাই) প্রথম জানাজার মাধ্যমে কর্মসূচি শুরু হবে। এরপর সোমবার (৭ জুলাই) রাজধানীর উপকণ্ঠের কোম শহরে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। সবশেষ বুধবার (৯ জুলাই) তৃতীয় জানাজা শেষে তাকে দক্ষিণপূর্বাঞ্চলের মাশহাদে দাফন করা হবে।

 

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করে বলেন, “ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্য ও জানাজার নামাজ ৪ থেকে ৯ জুলাই তেহরান, কোম ও মাশহাদ শহরে অনুষ্ঠিত হবে। ওই জানাজায় বাংলাদেশ সরকার ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ অংশ নেবেন।”

 

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রের তথ্য অনুযায়ী, ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ আমন্ত্রণপত্রে লিখেছেন, “এই ঐতিহাসিক ও মহিমান্বিত আয়োজনে আপনাকে আতিথেয়তা দেওয়ার সুযোগ পেতে আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি।”

 

উল্লেখ্য, গত শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ৮৬ বছর বয়সী আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনেয়ী শহীদ হন। ওই হামলায় তার পরিবারের আরও কয়েকজন সদস্যও প্রাণ হারান। মৃত্যুর আগে তিনি টানা ৩৬ বছর ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব পালন করেন।
 


সর্বশেষ

জনপ্রিয়

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭