বৃহস্পতিবার ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-০৮-২০ ০১:১৮:৩৭
মোঃ কামরুজ্জামান সরকার বাবু, পোরশা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর পোরশায় সমসাময়িক বিভিন্ন সামাজিক বিষয়ে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোরশা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ রাকিবুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার শহিদুল ইসলাম।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ‘সারাইগাছি মোড় একতা সমাজ উন্নয়ন সংস্থা’সহ উপজেলার বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রাকিবুল ইসলাম সমাজ বিনির্মাণে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকার প্রশংসা করেন এবং কুসংস্কার ও সামাজিক ব্যাধির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। তিনি বিশেষ কয়েকটি বিষয়ে আলোকপাত করে বলেন; ওঝা নয়, হাসপাতাল: কোনো ব্যক্তিকে সাপে কামড় দিলে ওঝা বা কবিরাজের কাছে নিয়ে গিয়ে মূল্যবান সময় নষ্ট করা যাবে না। সর্পদংশনের রোগীকে অতি দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে আধুনিক সরকারি চিকিৎসা নিশ্চিত করতে হবে।
গ্যাস সিলিন্ডার সচেতনতা:
বাসাবাড়িতে এলপিজি গ্যাস সিলিন্ডার ব্যবহারের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্ক থাকার এবং এর অগ্নিকাণ্ড রোধে পাড়া-মহল্লায় সামাজিক সচেতনতা গড়ে তোলার তাগিদ দেন। অনলাইন গেম ও খেলাধুলা: স্কুলপড়ুয়া বাচ্চাদের ‘ফ্রি ফায়ার’ বা ‘পাবজি’র মতো ক্ষতিকর অনলাইন গেমের আসক্তি থেকে ফিরিয়ে আনতে হবে। কিশোর অপরাধ রোধে তাদের পড়াশোনার পাশাপাশি মাঠে খেলাধুলায় মনোযোগী করার জন্য অভিভাবক ও সামাজিক সংগঠনগুলোকে ভূমিকা রাখতে হবে।
মাদক ও জুয়া নির্মূল:
সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে মাদক এবং জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রেখে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়।অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপস্থিত অতিথিবৃন্দ উপজেলার বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের হাতে সমাজসেবামূলক কাজের গতি বাড়াতে সরকারি অনুদানের চেক তুলে দেন। অনুদানপ্রাপ্ত সংগঠনের প্রতিনিধিরা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সামাজিক সচেতনতা বৃদ্ধিতে মাঠ পর্যায়ে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।