বৃহস্পতিবার ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-০৮-১৯ ২৩:২৪:৩৩
জুয়েল রানা, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের সখীপুরে মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই যুবককে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) দুপুরে সখীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সোনার তরী মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার শাহপুর গ্রামের মো. সুজন (২২) এবং একই উপজেলার বেড়ীকান্দি লেংগুড় গ্রামের মো. শহিদুল ইসলাম (২৪)।
আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে সোনার তরী মোড় এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। এ সময় মাদক সেবনের দায়ে সুজনকে দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার ৩০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অন্যদিকে, ১২ গ্রাম মাদকদ্রব্যসহ আটকের দায়ে শহিদুল ইসলামকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ইউএনও মো. আশরাফুল আলম বলেন, মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। মাদক সেবন ও কেনাবেচার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। অভিযানকালে পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।