রবিবার ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-০৮-১৬ ২৩:৫৫:৩৭
এম আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘির সান্তাহারে লাইসেন্স ছাড়াই অবৈধ ভাবে আবাসিক হোটেল পরিচালনার অপরাধে ০২ প্রতিষ্ঠানকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ রবিবার (১৬ আগস্ট, ২০২৬) দুপুর ৩টার দিকে উপজেলার সান্তাহার পৌর শহরের স্টেশন রোড এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম এই দণ্ড প্রদান করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার সান্তাহার পৌর শহরের স্টেশন রোড এলাকায় দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় লাইসেন্স ছাড়াই আবাসিক হোটেলের ব্যবসা পরিচালনা করে আসছিল কয়েকটি প্রতিষ্ঠান। এ সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে রবিবার দুপুরে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
অভিযানে হোটেল ও রেস্তোরাঁ আইন ২০১৪ অনুযায়ী লাইসেন্স ছাড়া আবাসিক হোটেল পরিচালনার অপরাধে সান্তাহার আবাসিক হোটেলকে ২০ হাজার টাকা এবং সোনারগাঁও আবাসিক হোটেলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় ভ্রাম্যমাণ আদালত সংশ্লিষ্ট হোটেল মালিকদের প্রয়োজনীয় লাইসেন্স ও অনুমোদন গ্রহণের নির্দেশ দেন এবং ভবিষ্যতে এ ধরনের আইনবহির্ভূত কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সতর্ক করেন।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম বলেন, লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়া কোনো আবাসিক হোটেল পরিচালনার সুযোগ নেই। আইন অমান্য করে ব্যবসা পরিচালনা করলে নিয়মিতভাবে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।