বুধবার ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-০৭-২৯ ২২:২০:৪৬
সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের সখীপুরে একই দিনে উপজেলা ও পৌর বিএনপির দুই নেতার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ আইডি হ্যাক হওয়ার ঘটনা ঘটেছে। হ্যাকাররা তাদের আইডি ব্যবহার করে পরিচিতজনদের কাছে অর্থ সহায়তা চেয়ে বার্তা পাঠিয়েছে।
আজ বুধবার (২৯ জুলাই, ২০২৬) দুপুরে বিষয়টি প্রকাশ্যে আসে।
হ্যাক হওয়া দুই নেতা হলেন সখীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন এবং সখীপুর পৌর বিএনপির সাবেক সভাপতি মো. খলিলুর রহমান।
জানা গেছে, হ্যাকাররা তাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে বিভিন্ন পরিচিত ব্যক্তির কাছে টাকা চেয়ে বার্তা পাঠায়। বিষয়টি জানতে পেরে দুই নেতা নিজ নিজ ফেসবুক প্রোফাইলে সতর্কতামূলক স্ট্যাটাস দিয়ে সবাইকে প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানান।
মো. খলিলুর রহমান জানান, তার হোয়াটসঅ্যাপ আইডি হ্যাক হওয়ার পর পরিচিতদের কাছে টাকা চেয়ে বার্তা পাঠানো হলেও কেউ অর্থ পাঠাননি।
এ বিষয়ে জানতে চাইলে মো. নাসির উদ্দিন বলেন, বুধবার দুপুর দেড়টার দিকে তিনি প্রথম বুঝতে পারেন তার হোয়াটসঅ্যাপ আইডি হ্যাক হয়েছে। এরপর দেশের বাইরে থাকা কয়েকজন পরিচিত ব্যক্তি ফোন করে বিষয়টি জানান। তিনি অভিযোগ করেন, সিঙ্গাপুরপ্রবাসী তার এক পরিচিত ব্যক্তি হ্যাকারদের পাঠানো বার্তায় বিশ্বাস করে একটি বিকাশ নম্বরে ১৫ হাজার টাকা পাঠিয়ে দিয়েছেন।
তিনি আরও বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আমি দ্রুত সখীপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করব এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করব।
এ বিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন পিপিএম বলেন, এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।