বুধবার ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-০৭-১৫ ২৩:৫৮:০২
নিজস্ব প্রতিনিধি:
এইচএসসি পরীক্ষার্থীদের নিয়ে করা আপত্তিকর মন্তব্যের প্রতিবাদ এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে টাঙ্গাইলে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।
আজ বুধবার (১৫ জুলাই, ২০২৬) দুপুরে পরীক্ষা শেষে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে সড়ক অবরোধ করে তারা এ কর্মসূচি পালন করেন।
বিক্ষোভে কুমুদিনী সরকারি মহিলা কলেজ, মাহমুদুল হাসান আদর্শ মহাবিদ্যালয়, ভাসানী আদর্শ কলেজ, বিবেকানন্দ স্কুল অ্যান্ড কলেজসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এইচএসসি পরীক্ষার্থীরা অংশ নেন। কর্মসূচিতে শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করে তাদের অভিভাবকরাও উপস্থিত ছিলেন।
এ সময় শিক্ষার্থীরা ‘এক, দুই, তিন, চার—মিলন তুই গদি ছাড়’, ‘দফা এক, দাবি এক—মিলনের পদত্যাগ’, ‘আমি কে? তুমি কে? ফার্মের মুরগি, ফার্মের মুরগি’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। বিক্ষোভের একপর্যায়ে প্রেসক্লাবের সামনের সড়কে অবস্থান নিলে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে যান চলাচল পুনরায় শুরু হয়।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, দায়িত্বশীল একজন মন্ত্রীর কাছ থেকে পরীক্ষার্থীদের নিয়ে এমন মন্তব্য তারা প্রত্যাশা করেননি। এ ধরনের বক্তব্য শিক্ষার্থী সমাজকে অপমানিত করেছে। তারা ওই বক্তব্য প্রত্যাহার, শিক্ষার্থীদের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেন।
আন্দোলনে অংশ নেওয়া কয়েকজন অভিভাবক বলেন, পরীক্ষার্থীরা এমনিতেই মানসিক চাপের মধ্যে রয়েছে। এ সময়ে দায়িত্বশীল ব্যক্তিদের বক্তব্য আরও সংযত ও শিক্ষার্থীবান্ধব হওয়া উচিত। তারা শিক্ষার্থীদের যৌক্তিক দাবির প্রতি সরকারের ইতিবাচক দৃষ্টি আকর্ষণ করেন।
আন্দোলনকারীরা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত রাখবেন। কর্মসূচি চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।