বুধবার ২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Logo
Add Image

জাতীয়

একটি সন্তোষজনক ঈদযাত্রা ম্যানেজ করতে সক্ষম হয়েছি: সড়কমন্ত্রী শেখ রবিউল আলম

প্রকাশিত: ২০২৬-০৫-২৭ ১৮:১৮:৪০

News Image

টাঙ্গাইল নিউজ ডেস্ক:
সড়ক, রেল ও নৌপথের ওপর ব্যাপক চাপ, প্রায় দেড় কোটি মানুষের একসাথে বাড়ি ফেরা এবং প্রায় ৮০ লাখ কোরবানির পশু পরিবহনের বিশাল কর্মযজ্ঞের পরও এবারের সামগ্রিক ঈদযাত্রা সন্তোষজনক হয়েছে বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি জানান, নানা ধরনের প্রতিকূলতা ও চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও যাত্রীরা সুশৃঙ্খলভাবে এবং বেশিরভাগ ক্ষেত্রে নির্ধারিত ভাড়ায় নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে পারছেন। সব মিলিয়ে সরকার একটি সফল ঈদযাত্রা পরিচালনা করতে সক্ষম হয়েছে।

 

আজ বুধবার (২৭ মে, ২০২৬) দুপুরে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল সরজমিনে পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।

 

শেখ রবিউল আলম উল্লেখ করেন, এবারের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকারের পক্ষ থেকে সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় যানবাহনের ধীরগতি ও কিছুটা জটলা থাকার বিষয়টি স্বীকার করে তিনি বলেন, এটি ব্যবস্থাপনার কোনো ত্রুটি নয়, বরং সাত লেনের গাড়ি যখন হঠাৎ করে দুই লেনের সড়কে প্রবেশ করে, তখন সেখানে স্বাভাবিকভাবেই গাড়ির গতি কমে যায়। তবে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

 

তিনি আরও জানান, বিআরটিএর কেন্দ্রীয় মনিটরিং সেল থেকে দেশের সার্বিক সড়ক পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। কাউন্টারে সাধারণ যাত্রীদের সাথে কথা বলে তিনি জানতে পেরেছেন যে, তারা সঠিক ভাড়ায় টিকিট পেয়েছেন। মাত্র দুই-তিন দিনের মধ্যে ঢাকা ছাড়ছে প্রায় দেড় কোটি মানুষ, তার ওপর যোগ হয়েছে বিশাল পশুর বহর। আমাদের পরিবহন খাতের শতভাগ সক্ষমতা কাজে লাগিয়ে যাত্রীদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

 

ঈদের মুখে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, মূল কাউন্টার বা টার্মিনালের বাইরে কিছু অসাধু চক্র সাধারণ মানুষের তাড়াহুড়োকে পুঁজি করে অতিরিক্ত টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। এ ধরনের কোনো সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া মাত্রই প্রশাসন কঠোর ব্যবস্থা নিচ্ছে এবং দায়ীদের জরিমানা করা হচ্ছে। অতিরিক্ত ভাড়া ঠেকাতে মাঠ পর্যায়ে কঠোর নজরদারি বজায় রয়েছে।

 

রেলওয়ের বিশেষ সেবা নিয়ে মন্ত্রী জানান, দেশের নারীদের সুবিধার্থে ইতিমধ্যে ঢাকা-সিলেট, ঢাকা-চট্টগ্রাম এবং ঢাকা-ময়মনসিংহ রুটের তিনটি আন্তঃনগর ট্রেনে বিশেষ কোচের ব্যবস্থা করা হয়েছে। সব ট্রেনে এই মুহূর্তে এটি করা সম্ভব হয়নি, কারণ ঈদের অগ্রিম টিকিটের সিংহভাগ আগেই বিক্রি হয়ে গেছে এবং বাড়তি বগিরও কিছুটা সংকট রয়েছে। তবে ঈদযাত্রীদের সুবিধার্থে রেলবহরে নতুন করে আরও ৫১টি বিশেষ বগি যুক্ত করা হয়েছে।

 

সবশেষে উত্তরার দিয়াবাড়িতে মেট্রো স্টেশন সংলগ্ন এলাকায় পশুর হাট বসানো সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মন্ত্রী স্পষ্ট করে বলেন, মেট্রোরেল স্টেশনের নিচে পশুর হাট বসানোর কোনো অনুমোদন বা সিদ্ধান্ত মন্ত্রণালয়ের ছিল না। এ বিষয়ে যারা ইজারা দিয়েছে বা টাকা পয়সা লেনদেন করেছে, সেই সিটি কর্পোরেশনই এর দায় বহন করবে।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭