সোমবার ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩

Logo
Add Image

জাতীয়

শিগগিরই সাংবাদিকদের ১০ম ওয়েজ বোর্ড, সংসদে জানালেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

প্রকাশিত: ২০২৬-০৪-২০ ০৯:৪৪:১৯

News Image

অনলাইন নিউজ ডেস্ক:
সাংবাদিকদের জন্য দীর্ঘদিনের প্রত্যাশিত ১০ম সংবাদপত্র মজুরি বোর্ড গঠনের কার্যক্রম খুব শিগগিরই শুরু হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। একই সঙ্গে সাংবাদিকদের সুরক্ষা ও পেশাগত নিরাপত্তা জোরদারে নতুন উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি।

 

আজ রোববার (১৯ এপ্রিল, ২০২৬) জাতীয় সংসদের অধিবেশনে বিরোধী দলের সদস্য শেখ মনজুরুল হক রাহাদের এক লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে বিষয়টি উত্থাপিত হয়।


তথ্যমন্ত্রী বলেন, সর্বশেষ ৯ম সংবাদপত্র মজুরি বোর্ডের গেজেট ২০১৯ সালের ১২ সেপ্টেম্বর প্রকাশিত হয়েছিল। তবে বিভিন্ন জটিলতার কারণে তা কার্যকর হয়নি। বর্তমানে এ সংক্রান্ত একাধিক রিট বিচারাধীন রয়েছে। এসব আইনি প্রক্রিয়ার পাশাপাশি নতুন করে ১০ম ওয়েজ বোর্ড গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

 

সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি জানান, “সাংবাদিকদের সুরক্ষা, সক্ষমতা বৃদ্ধি এবং মর্যাদা নিশ্চিত করতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।” এর মধ্যে রয়েছে সাংবাদিক সুরক্ষা সহায়তা সেল গঠন, হামলা বা ডিজিটাল হয়রানির ঘটনায় আইনি ও প্রযুক্তিগত সহায়তা প্রদান এবং নারী সাংবাদিকদের জন্য বিশেষ সহায়তা।

 

তিনি আরও বলেন, জেলা পর্যায়ের সাংবাদিকদের জন্য সমন্বিত সহায়তা কাঠামো গড়ে তোলা, ডিজিটাল নিরাপত্তা প্রশিক্ষণ এবং জরুরি কল্যাণ সহায়তার ব্যবস্থাও নেওয়া হচ্ছে। এসব উদ্যোগের মাধ্যমে একটি নিরাপদ ও পেশাদার সাংবাদিকতার পরিবেশ তৈরি করতে চায় সরকার।

 

গণমাধ্যম খাতের বর্তমান অবস্থা তুলে ধরে তথ্যমন্ত্রী জানান, দেশে বর্তমানে সরকারি মালিকানাধীন টিভি চ্যানেল রয়েছে ৪টি। বেসরকারি খাতে ৫৫টি চ্যানেল অনুমোদন পেলেও পূর্ণ সম্প্রচারে রয়েছে ৩৭টি। এই মুহূর্তে নতুন কোনো টিভি চ্যানেল অনুমোদনের অপেক্ষায় নেই বলেও জানান তিনি।

 

এছাড়া সাংবাদিকতার মানোন্নয়ন ও ভুয়া সাংবাদিকতা প্রতিরোধে প্রেস কাউন্সিল আইনকে যুগোপযোগী করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে সাংবাদিকদের জন্য শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ এবং একটি অনলাইন ডাটাবেইজ তৈরির পরিকল্পনার কথাও জানান মন্ত্রী।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭