বুধবার ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

নওগাঁর নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পাচ্ছেন ২৮তম বিসিএসের কর্মকর্তা মো. ছুফি উল্লাহ

প্রকাশিত: ২০২৬-১১-২৫ ২৩:৪২:৩০

News Image

এম আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি:
নওগাঁ জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে পদায়ন পেয়েছেন ২৮তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা মো. ছুফি উল্লাহ। সর্বশেষ তিনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ঢাকার বিশেষ পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে পাবনা জেলার পুলিশ সুপার হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

 

বুধবার (২৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে তাঁকে নওগাঁর নতুন পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়। একই প্রজ্ঞাপনে বর্তমান পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) পদায়ন করা হয়েছে।

 

পাবনায় দায়িত্ব পালনকালে মাদকবিরোধী অভিযানে বিশেষ তৎপরতার পরিচয় দেন মো. ছুফি উল্লাহ। দায়িত্ব গ্রহণের পর ৬৬ কর্মদিবসে ১ হাজার ২৬৬ জন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে গ্রেপ্তারের তথ্য তিনি সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন। এ ছাড়া মাদক পাচার প্রতিরোধে চেকপোস্ট স্থাপনসহ বিভিন্ন উদ্যোগ নিয়েছিলেন তিনি।

 

সিআইডিতে দায়িত্ব পালনকালে বিভিন্ন অপরাধের তদন্ত ও অভিযানসংক্রান্ত তথ্য গণমাধ্যমে তুলে ধরেছেন তিনি। ফলে মাঠপর্যায়ের পুলিশিং ও অপরাধ তদন্ত—উভয় ক্ষেত্রেই তাঁর কাজের অভিজ্ঞতা রয়েছে।

 

নওগাঁ একটি সীমান্তবর্তী ও কৃষিপ্রধান জেলা। ধানসহ বিভিন্ন কৃষিপণ্য উৎপাদনের পাশাপাশি জেলাটি ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক নিদর্শনের সমৃদ্ধ ভান্ডার। পাহাড়পুর বৌদ্ধবিহার, কুসুম্বা মসজিদ, জগদ্দল বিহারসহ গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থাপনা এ জেলাকে দেশের অন্যতম ঐতিহ্যবাহী পর্যটন অঞ্চলে পরিণত করেছে। এমন একটি গুরুত্বপূর্ণ জেলার আইনশৃঙ্খলা রক্ষা, সীমান্ত এলাকায় অপরাধ ও চোরাচালান প্রতিরোধ, মাদক নিয়ন্ত্রণ, কৃষিপণ্য পরিবহনে নিরাপত্তা এবং ঐতিহাসিক স্থাপনাগুলোর সুরক্ষায় নতুন পুলিশ সুপারের কার্যকর ভূমিকা প্রত্যাশা করছেন স্থানীয়রা।

 

নতুন দায়িত্বে মো. ছুফি উল্লাহর নেতৃত্বে নওগাঁ জেলা পুলিশের কার্যক্রম আরও গতিশীল হবে এবং জননিরাপত্তা ও অপরাধ দমনে ইতিবাচক অগ্রগতি আসবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্ট মহলের।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭