বুধবার ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-১১-২৫ ১৭:২৪:২৫
ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর হয়েও প্রশাসকের সি.এ পরিচয়ে দায়িত্ব পালন, একই কর্মস্থলে ১৪ বছর
মাসুদুর রহমান, জামালপুর প্রতিনিধি:
জামালপুর সদর উপজেলা পরিষদ কার্যালয়ে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগ পেয়েও দীর্ঘ ১৪ বছর ধরে প্রশাসকের সি.এ (কনফিডেনশিয়াল অ্যাসিস্ট্যান্ট) পরিচয়ে দায়িত্ব পালনের অভিযোগ উঠেছে মো. আমিনুল ইসলামের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, কোনো দাপ্তরিক আদেশ বা যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই বছরের পর বছর তিনি প্রশাসকের সি.এ পরিচয়ে একটি কক্ষ ব্যবহার করে আসছেন। এ নিয়ে তাঁর দায়িত্ব পালনের বৈধতা এবং উপজেলা পরিষদের প্রশাসনিক কার্যক্রমে প্রভাব বিস্তারের বিষয়টি নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
একই কর্মস্থলে দীর্ঘদিন অবস্থানের সুযোগে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও ঘুষ বাণিজ্যের অভিযোগও তুলেছেন সংশ্লিষ্ট একাধিক ব্যক্তি। পাশাপাশি বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি), এলটিএম, পিআইসি ও হাটবাজার উন্নয়ন প্রকল্পের নামে-বেনামে প্রকল্প দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। এসব অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন সচেতন মহল।
সরেজমিনে জামালপুর সদর উপজেলা পরিষদ কার্যালয়ে গিয়ে দেখা যায়, একটি কক্ষের বাইরে বড় অক্ষরে লেখা রয়েছে ‘সি.এ টু প্রশাসক’। কক্ষের ভেতরে টেবিল, ফাইলপত্র ও প্রয়োজনীয় আসবাবপত্র সাজানো। সেখানে চেয়ারে বসে দাপ্তরিক কাজ করতে দেখা যায় মো. আমিনুল ইসলামকে।
তবে তাঁর সি.এ পরিচয় ও দায়িত্ব পালনের বৈধতা নিয়ে প্রশ্ন ওঠার পাশাপাশি এ-সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সম্প্রতি কক্ষের বাইরে থাকা ‘সি.এ’ লেখা নেমপ্লেটটি সরিয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে।
এখন প্রশ্ন উঠেছে, দীর্ঘ ১৪ বছর ধরে সি.এ পরিচয়ে দায়িত্ব পালনের সময় কী কী প্রশাসনিক ও আর্থিক কর্মকাণ্ড পরিচালিত হয়েছে? এসব কর্মকাণ্ডে কোনো অনিয়ম বা ক্ষমতার অপব্যবহার হয়ে থাকলে তার দায় নির্ধারণ এবং সুষ্ঠু তদন্ত হবে কি না?
খোঁজ নিয়ে জানা যায়, আমিনুল ইসলাম ১৯৮৬ সালের ১২ ডিসেম্বর জামালপুর শহরের রামনগর এলাকায় জন্মগ্রহণ করেন। তাঁর পিতা শরীফ উদ্দিন এবং মাতা আম্বিয়া বেগম। ২০১২ সালে তিনি জামালপুর সদর উপজেলা পরিষদে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগ পান। তৎকালীন উপজেলা চেয়ারম্যান আবুল হোসেনের ঘনিষ্ঠ ও বিশ্বস্ত ব্যক্তি হিসেবে তিনি পরিচিত ছিলেন। এরপর থেকেই একই কর্মস্থলে দীর্ঘদিন অবস্থান করে প্রশাসকের সি.এ পরিচয়ে দায়িত্ব পালন করে আসছেন বলে অভিযোগ রয়েছে।
সংশ্লিষ্টদের প্রশ্ন, একজন সরকারি কর্মচারী যে পদে নিয়োগ পেয়েছেন, সেই পদের বাইরে প্রশাসকের সিএ মতো গুরুত্বপূর্ণ দাপ্তরিক পরিচয়ে দায়িত্ব পালনের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের কোনো লিখিত আদেশ বা অনুমোদন রয়েছে কি না। থাকলে সেই আদেশের ভিত্তি কী? আর না থাকলে কীভাবে বছরের পর বছর তিনি এভাবে দায়িত্ব পালন করে আসছেন?
অভিযোগ রয়েছে, যোগদানের পর থেকে বিভিন্ন অর্থবছরে এডিপি, এলটিএম, পিআইসি ও হাটবাজার উন্নয়ন প্রকল্পের নামে-বেনামে প্রকল্প গ্রহণ, বাস্তবায়ন ও অর্থ ব্যয়ের ক্ষেত্রে অনিয়ম-দুর্নীতি হয়েছে। এসব প্রকল্পের বরাদ্দ, ব্যয়, কাজের বাস্তব অগ্রগতি এবং সংশ্লিষ্ট নথিপত্র যাচাই করে তদন্তের দাবি উঠেছে।
সব মিলিয়ে এখন বড় প্রশ্ন—নিয়োগপ্রাপ্ত পদের বাইরে প্রশাসকের সি.এ পরিচয়ে দায়িত্ব পালনের পেছনে কোনো বৈধ দাপ্তরিক আদেশ ছিল কি না, একই কর্মস্থলে দীর্ঘ ১৪ বছর অবস্থানের প্রশাসনিক যৌক্তিকতা কী এবং তাঁর বিরুদ্ধে ওঠা প্রকল্পসংক্রান্ত অনিয়ম, অর্থ আত্মসাৎ ও ঘুষ বাণিজ্যের অভিযোগের নিরপেক্ষ তদন্ত হবে কি না।
অভিযোগগুলোর সত্যতা যাচাইয়ে নিয়োগসংক্রান্ত নথি, দায়িত্ব বণ্টনের আদেশ, প্রকল্পের বরাদ্দ ও ব্যয়ের হিসাব এবং সংশ্লিষ্ট আর্থিক নথিপত্র খতিয়ে দেখার দাবি জানিয়েছেন সচেতন মহল। চাকুরীর আগে কত টাকার মালিক এবং পরবর্তীতে কত টাকার মালিক হয়েছে এটাও যাচাই বাচাই এর জন্য হস্তক্ষেপ কামনা করেছেন। এখন দেখার বিষয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসব অভিযোগের বিষয়ে কী পদক্ষেপ নেয় এবং অভিযোগের সত্যতা উদ্ঘাটনে কার্যকর তদন্ত হয় কি না।
রামনগর এলাকার বাসিন্দা সবুজ অভিযোগ করে বলেন, “আমিনুলের একটি মাদ্রাসা রয়েছে। ওই মাদ্রাসার টিন, সাবমার্সিবল টিউবওয়েল ও পানির ট্যাংকসহ বিভিন্ন সামগ্রী উপজেলা পরিষদের টাকায় কেনা হয়েছে।”
অন্যদিকে জামালপুর শহরের বাসিন্দা সুলতান বলেন, আমিনুল ইসলামের দীর্ঘদিনের কর্মকাণ্ড, দাপ্তরিক দায়িত্ব পালন এবং আর্থিক লেনদেনের বিষয়গুলো নিরপেক্ষভাবে তদন্ত করা হলে আরও অনিয়মের তথ্য বেরিয়ে আসতে পারে। একই কর্মস্থলে ১৪ বছর ধরে অবস্থানের বিষয়টিও প্রশাসনিকভাবে পর্যালোচনা করা প্রয়োজন।
এ বিষয়ে বক্তব্য জানতে মো. আমিনুল ইসলামের মুঠোফোনে দুপুর ১২টা ৪৮ মিনিটে কল করা হলে তিনি ফোন রিসিভ না করায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজনীন আখতারের সঙ্গে দুপুর ১২টা ৫০ মিনিটে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমি একটু ব্যস্ত আছি। বিকেলে কথা বলব।”
এদিকে জামালপুরের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুমি আক্তার (উপসচিব) বলেন, “সি.এ হিসেবে কোনো নিয়োগ নেই সরাসরি। বিষয়টি আপনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান।”