সোমবার ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-১১-২৩ ১২:৫২:০৭
এম আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘিতে ২০২৬/২৭ অর্থবছরে রবি মৌসুমে সরিষা ও মসুরের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
২২ নভেম্বর রবিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সজল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বেনজির আহমেদ, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো,জামিরুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রবিউল ইসলাম, বিএনপির সহ সভাপতি আব্দুল মোত্তাকিন তালুকদার মুক্তা, সাধারন সম্পাদক আবু হাসান, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা প্রমুখ।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রবিউল ইসলাম জানান, কর্মসূচির মাধ্যমে উপজেলার ৬টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনামূল্যে ৫ হাজার ৩০০ জন কৃষককে সরিষা ও ১০০জনকে মসুরের বীজ এবং রাসায়নিক সার দেওয়া হবে। কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষকদের চাষাবাদে উৎসাহিত করা এবং রবি মৌসুমে ফসলের আবাদ সম্প্রসারণের লক্ষ্যে সরকারের এ প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।