মঙ্গলবার ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-১১-১০ ১৫:১৫:১২
শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে পাঠানো, পড়াশোনার খোঁজ রাখা ও মোবাইল ব্যবহারে সতর্ক থাকার আহ্বান ইউএনও ফারজানা আক্তারের।
সৈয়দ মহসীন হাবীব সবুজ, নিজস্ব প্রতিনিধি:
টাঙ্গাইলের কালিহাতীতে শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিতকরণ এবং অভিভাবকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শহীদ আবুল কালাম আজাদ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা আক্তার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ মিজানুর রহমান (রওশন)।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি সৈয়দ সাইফুল ইসলাম কবির ও মো. সুলতান গিয়াস, অভিভাবক প্রতিনিধি মো. হাবিবুল্লাহ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল বাতেনসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, অভিভাবক, এলাকাবাসী ও শিক্ষার্থীরা।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার শিক্ষার্থীদের লেখাপড়ায় আরও মনোযোগী হওয়ার পাশাপাশি সন্তানদের শিক্ষাজীবনে অভিভাবকদের দায়িত্বশীল ও সচেতন ভূমিকা পালনের আহ্বান জানান।
তিনি বলেন, টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ না হলে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নেই। তাই পরীক্ষার আগে থেকেই শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা করতে হবে এবং বিদ্যালয়ের পাঠদানে যথাযথভাবে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে বিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা ও শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখতে সিসি ক্যামেরা স্থাপনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

অভিভাবকদের উদ্দেশে ইউএনও বলেন, সন্তান নিয়মিত পড়াশোনা করছে কি না, সময়মতো বিদ্যালয়ে যাচ্ছে কি না এবং পড়াশোনায় কোনো ধরনের অবহেলা করছে কি না, সে বিষয়ে অভিভাবকদের নিয়মিত খোঁজখবর রাখতে হবে। সন্তানদের যথাসম্ভব মোবাইল ফোনের ব্যবহার থেকে দূরে রাখতে হবে। একান্ত প্রয়োজনে মোবাইল ব্যবহারের সুযোগ দেওয়া হলে তারা কী করছে, কী ধরনের কনটেন্ট দেখছে এবং কতক্ষণ সময় ব্যয় করছে, সেদিকেও অভিভাবকদের সতর্ক নজর রাখতে হবে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জন এবং সুশিক্ষিত নাগরিক হিসেবে গড়ে তুলতে শুধু শিক্ষকদের দায়িত্ব পালন যথেষ্ট নয়; এ ক্ষেত্রে শিক্ষক, অভিভাবক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সম্মিলিত উদ্যোগ ও প্রচেষ্টা প্রয়োজন। সন্তানদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলে তাদের পড়াশোনা, আচার-আচরণ ও মানসিক বিকাশের বিষয়ে অভিভাবকদের সচেতন থাকতে হবে। কোনো শিক্ষার্থী পড়াশোনায় পিছিয়ে পড়লে তাকে বকাঝকা না করে উৎসাহ ও সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে হবে।
বিদ্যালয়ে নিয়মিত পাঠদান নিশ্চিত করা, শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলাবোধ তৈরি, পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং শিক্ষক-অভিভাবকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ আরও জোরদার করার ওপরও গুরুত্ব দেন তিনি।
সমাবেশে বক্তারা বিদ্যালয়ের শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ এবং একটি সুন্দর, নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।