শনিবার ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-১০-১৭ ১৪:২২:৫৩
নিজস্ব প্রতিনিধি:
টাঙ্গাইলের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার সুষ্ঠু ও নিরাপদ পরিবেশ নিশ্চিতকরণ এবং শিক্ষার্থীদের নৈতিকতা ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন নবযোগদানকৃত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব আবু সাঈদ।
আজ ১৭ অক্টোবর, ২০২৬ শনিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে টাঙ্গাইল জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সভায় জেলার সামগ্রিক শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষা প্রতিষ্ঠানে ইতিবাচক ও শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যপুস্তকনির্ভর জ্ঞান অর্জনের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। তাদের নৈতিকতা, সততা, মানবিক মূল্যবোধ, শৃঙ্খলাবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে ভবিষ্যতের দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ সকল শিক্ষককে নিজ নিজ দায়িত্ব নিষ্ঠা, আন্তরিকতা ও পেশাদারত্বের সঙ্গে পালনের আহ্বান জানান। একই সঙ্গে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও বিভিন্ন সহশিক্ষামূলক কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেন।
সভায় শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিতি নিশ্চিত করা, ঝরে পড়া রোধ, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মাদক ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখার বিষয়ে গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়।
এ সময় বক্তারা শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ইতিবাচক পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার্থীদের প্রতিভা ও সৃজনশীলতা বিকাশে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
মতবিনিময় সভায় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ নিজেদের বিভিন্ন অভিজ্ঞতা, সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন এবং জেলার শিক্ষা ব্যবস্থার উন্নয়নে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
সভায় জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, টাঙ্গাইল জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।