শনিবার ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-১০-১৭ ১২:৫৭:৫১
কামরুজ্জামান সরকার বাবু, পোরশা (নওগাঁ) প্রতিনিধি:
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নওগাঁর পোরশা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছেন ১৬ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি।
পরিদর্শনকালে তিনি মন্দিরগুলোর সার্বিক নিরাপত্তা পরিস্থিতি ও আইনশৃঙ্খলা ব্যবস্থা খতিয়ে দেখেন। পাশাপাশি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেন।
এ সময় ১৬ বিজিবির অধিনায়ক বলেন, দুর্গোৎসবকে কেন্দ্র করে এলাকায় শান্তি, শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বিজিবি সার্বক্ষণিক নজরদারি করছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। উৎসব চলাকালে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি ও তৎপরতা অব্যাহত থাকবে।
পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ১৬ বিজিবির অধিনায়ককে মন্দিরে স্বাগত জানান। একই সঙ্গে দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির পক্ষ থেকে নেওয়া উদ্যোগ এবং মণ্ডপ পরিদর্শনের জন্য তারা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পরিদর্শনকালে ১৬ বিজিবির অন্যান্য কর্মকর্তা, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।