বুধবার ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-১০-১৪ ২২:০৮:৩৫
মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি:
মাগুরায় শালিখা উপজেলার হরিশপুর গ্রামে মাদকের বিরুদ্ধে অভিযান কালে এক মাদকাসক্ত ব্যাক্তির ছুরিকাঘাতে পুলিশের এস আই রাকিবুল ইসলাম আহত হয়েছে। তবে পুলিশ ওই মাদকসেবী এবং বিক্রেতা অপু নামের যুবককে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।
এ বিষয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খাইরুল ইসলাম জানান, মঙ্গলবার রাত সাতটার দিকে মাদক কেনাবেচার গোপন সংবাদে শালিখা উপজেলার শতখালী ইউনিয়নের হরিশপুর গ্রামে শাহেদ ইটভাটার সামনে পুলিশ অভিযান চালায়। এ সময় পুলিশ তিনজন মাদক কেনাবেচাকারীকে ধাওয়া করে অপু নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে। আটকের সময় মাদক ব্যবসায়ী অপু তার হাতে থাকা ছুরি দিয়ে এসআই রাকিবুল ইসলামের বাম হাতে আঘাত করে জখম করে। এসময় অন্য দুজন পালিয়ে গেলও অপুকে পুলিশ আটক করতে সক্ষম হয়। পরে আহত এসআই রাকিবুলকে শালিখা ৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সুস্থ আছেন ।
আটক অপু হরিশপুর গ্রামের জালাল হোসেনের ছেলে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুুতি চলছে। অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।