মঙ্গলবার ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-০৯-২২ ২১:৩৯:২০
মোজাম্মেল হক, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জে অর্থাভাবে চিকিৎসা চালিয়ে যেতে পারছেন না রোমেনা বেগম কিডনি রোগে আক্রান্ত । একই সঙ্গে অর্থসংকটে একাদশ শ্রেণিতে পড়ুয়া ছেলেকে ভর্তি করানো নিয়েও অনিশ্চয়তায় পড়েছেন তিনি। অসুস্থতা ও আর্থিক সংকটে পরিবারটি মানবেতর জীবনযাপন করছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সরেজমিনে উপজেলার ৫নং সুজালপুর ইউনিয়নের বড় শীতলাই গ্রামের ২নং ওয়ার্ডে গিয়ে রোমেনা বেগমের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা যায়। রোমেনা বেগমের স্বামী মৃত রোহায়েত আলী। দুই সন্তান—এক ছেলে ও এক মেয়েকে নিয়ে তার সংসার। পরিবারের উপার্জনের সক্ষমতা সীমিত হওয়ায় নিজের চিকিৎসার ব্যয় বহন করতে হিমশিম খাচ্ছেন তিনি। প্রয়োজনীয় চিকিৎসা চালিয়ে যাওয়ার মতো আর্থিক সামর্থ্য না থাকায় তার অসুস্থতা দিন দিন পরিবারের জন্য বড় সংকট হয়ে দাঁড়িয়েছে। এদিকে তার ছেলে মো. মুরাদ ইসলাম পড়াশোনা চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তবে অর্থের অভাবে তাকে একাদশ শ্রেণিতে ভর্তি করাতে পারছেন না বলে জানান রোমেনা বেগম।
রোমেনা বেগম বলেন, ‘একদিকে নিজের চিকিৎসার খরচ, অন্যদিকে ছেলের পড়াশোনার ব্যয়—সব মিলিয়ে আমি খুবই অসহায় অবস্থায় আছি। নিজের সুস্থতার জন্য দেশবাসী ও সমাজের সামর্থ্যবান মানুষের কাছে দোয়া ও সহযোগিতা চাই। আমার ছেলে যেন পড়াশোনা চালিয়ে যেতে পারে, সেটিই আমার বড় আশা।’
স্থানীয়রা জানান, অসুস্থ রোমেনা বেগমের চিকিৎসা এবং মুরাদ ইসলামের শিক্ষাজীবন অব্যাহত রাখতে সমাজের বিত্তবান ও সহৃদয় ব্যক্তিরা এগিয়ে এলে পরিবারটি সংকট কাটিয়ে উঠতে পারে। তারা মানবিক দৃষ্টিকোণ থেকে পরিবারটির পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।