বুধবার ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

নওগাঁয় ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

প্রকাশিত: ২০২৬-০৯-১৬ ১৬:৩৭:৪১

News Image

এম আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি:
উৎসবমুখর পরিবেশে নওগাঁয় অনুষ্ঠিত হয়েছে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। প্রতিযোগিতায় পুরুষ বিভাগে মান্দা থানার দল এবং নারী বিভাগে নওগাঁ সদর মডেল থানার দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

 

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর, ২০২৬) বিকেল ৪টায় নওগাঁ জেলার ঐতিহ্যবাহী নওজোয়ান মাঠে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম এবং নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম ।

চ্যাম্পিয়নশিপে নওগাঁ জেলার ১১টি পুরুষ দল ও ৩টি নারী দল অংশ নেয়। প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে পুরুষ বিভাগে মান্দা থানার দল এবং নারী বিভাগে নওগাঁ সদর মডেল থানার দল বিজয়ী হয়।

 

আয়োজকরা জানান, তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করা, মাদক ও অপরাধ থেকে দূরে রাখা এবং পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা, সৌহার্দ্য ও সম্প্রীতি বাড়ানোর লক্ষ্যেই এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

 

নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সহযোগিতায় এবং জেলা ও উপজেলা ক্রীড়া সংস্থাগুলোর পরামর্শক্রমে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন এলাকার আগ্রহী, মেধাবী ও উদ্যমী অনূর্ধ্ব-২০ বছর বয়সী নারী ও পুরুষ খেলোয়াড়দের বাছাই করে দল গঠন করা হয়। নির্বাচিত খেলোয়াড়দের নির্ধারিত ফরমে নিবন্ধনের পাশাপাশি প্রতিটি খেলা শেষে খেলোয়াড় মূল্যায়ন ফরমের মাধ্যমে তাদের পারফরম্যান্স মূল্যায়ন করা হয়।

 

ফাইনাল খেলা উপভোগ করতে নওগাঁর বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় পাঁচ হাজার দর্শক নওজোয়ান মাঠে উপস্থিত হন। দর্শকদের ব্যাপক উপস্থিতিতে পুরো আয়োজনটি পরিণত হয় এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে।

 

আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের ক্রীড়া আয়োজনের মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে, সামাজিক সম্প্রীতি জোরদার হবে এবং কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব হবে।

 

চ্যাম্পিয়নশিপ আয়োজনের সার্বিক সহযোগিতায় ছিল নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং কমিটি ও জেলা ক্রীড়া সংস্থা।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭