শনিবার ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-০৯-০৪ ২২:৩২:৫৫
নিজস্ব প্রতিনিধি:
প্রাণিসম্পদের স্বাস্থ্য সুরক্ষা, কৃষক ও খামারিদের সচেতনতা বৃদ্ধি, অসহায় ও গৃহপালিত প্রাণীদের চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি পরিবেশ রক্ষায় গাছ লাগানোর গুরুত্ব তুলে ধরতে টাঙ্গাইলে বিনামূল্যে প্রাণী স্বাস্থ্যসেবা, টিকাদান, মাছের খাবার ও গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে টাঙ্গাইল সদর উপজেলার তারটিয়া স্কুল মাঠে বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশন ও টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফোরামের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। দিনব্যাপী এ আয়োজনে স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী, কৃষক, খামারি ও প্রাণিপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক, টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ডা. মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. আতিকুর রহমান মিঠু, কৃষিবিদ বদরুল হক শাহীন, ডা. মো. ওসমান গনি, ডা. ইমরান হাসান লিংকন এবং টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফোরামের প্রতিষ্ঠাতা পরিচালক তানভীর হাসান খান রুবেল। এ সময় সংগঠন দুটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক, চিকিৎসক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহসিন হোসেন সাদ্দাম প্রমাণিক ও টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফোরামের সদস্য সচিব মহিদুল ইসলাম মহিত।
বিনামূল্যে চিকিৎসা ও টিকাদান
কর্মসূচির অন্যতম আকর্ষণ ছিল বিনামূল্যে প্রাণী স্বাস্থ্যসেবা ও টিকাদান কার্যক্রম। স্থানীয় গৃহপালিত ও খামারের প্রাণীদের স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় পরামর্শ এবং বিভিন্ন রোগ প্রতিরোধে টিকা দেওয়া হয়। বিশেষ করে গরু, ছাগলসহ বিভিন্ন প্রাণীকে বিনামূল্যে ভ্যাকসিন প্রদান করা হয়।
এ ছাড়া খামারি ও প্রাণী পালনকারীদের প্রাণীর পরিচর্যা, রোগ প্রতিরোধ, পুষ্টি এবং স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়। এতে স্থানীয় খামারি ও প্রাণী পালনকারীদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে।
কর্মসূচিতে বিনামূল্যে মাছের খাবার বিতরণও করা হয়। সংশ্লিষ্টরা জানান, প্রাণিসম্পদ ও মৎস্য খাতের সঙ্গে সম্পৃক্ত মানুষের পাশে দাঁড়ানো এবং আধুনিক ও স্বাস্থ্যসম্মত ব্যবস্থাপনার বিষয়ে তাদের উৎসাহিত করাই এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।
শিক্ষার্থীদের হাতে গাছের চারা
প্রাণিসেবার পাশাপাশি পরিবেশ সুরক্ষার বার্তা ছড়িয়ে দিতে অনুষ্ঠানের শেষ পর্যায়ে শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। শিক্ষার্থীদের গাছ লাগানো ও পরিচর্যার প্রতি উৎসাহিত করার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা হয়।
আয়োজকরা বলেন, প্রাণী কল্যাণ ও পরিবেশ সুরক্ষা একে অপরের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। প্রাণীর প্রতি মানবিক আচরণ, প্রাণিসম্পদের স্বাস্থ্য সুরক্ষা এবং সবুজ পরিবেশ নিশ্চিত করা গেলে একটি টেকসই ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব। সেই লক্ষ্যেই এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি আয়োজন করা হয়েছে।
তারা আরও বলেন, শুধু এক দিনের কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ না থেকে ভবিষ্যতে টাঙ্গাইলের বিভিন্ন এলাকায় এ ধরনের বিনামূল্যে প্রাণী চিকিৎসা, টিকাদান, সচেতনতামূলক কার্যক্রম ও বৃক্ষরোপণ কর্মসূচি আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।
স্থানীয়দের মতে, একই সঙ্গে প্রাণিসেবা, খামারিদের সহায়তা, মৎস্য খাতের সহযোগিতা এবং পরিবেশ রক্ষায় গাছের চারা বিতরণের মতো বহুমুখী উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। এ ধরনের কর্মসূচি নিয়মিত আয়োজন করা হলে সাধারণ মানুষের মধ্যে প্রাণী কল্যাণ ও পরিবেশ সচেতনতা আরও বৃদ্ধি পাবে এবং স্থানীয় পর্যায়ে প্রাণিসম্পদ ও পরিবেশ সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে।