শনিবার ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-০৯-০৪ ২৩:৪৬:০২
যশোর প্রতিনিধি:
যশোরের চৌগাছার সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘বাড়ীয়ালী যুব পাঠাগার’-এর প্রতিষ্ঠাতা সদস্য মরহুম নজিবার রহমানের স্মরণে এক বিশেষ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় পাঠাগারের নিজস্ব হল রুমে অত্যন্ত ভাবগাম্ভীর্য ও শ্রদ্ধাপূর্ণ পরিবেশে এই স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
পাঠাগারের সভাপতি রওশন আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হারুন অর রশিদের প্রাঞ্জল সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাকালীন ইতিহাস ও মরহুম নজিবার রহমানের অবদান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন পাঠাগারের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য নুরুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে নজিবার রহমানের কর্মময় জীবনের স্মৃতিচারণ করে বলেন, এলাকার যুবসমাজকে বইমুখী করা, শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া এবং তরুণদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নজিবার রহমান যে স্বপ্ন দেখেছিলেন, তা আজ এক বিশাল রূপ নিয়েছে। তাঁর অবদানের পথ ধরেই আজ এই পাঠাগার সামাজিক ও সাংস্কৃতিক মেলবন্ধনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
অনুষ্ঠানে আরও স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন দীঘড়ি দাখিল মাদ্রাসার সহ-সুপার মাওলানা মাসুদুর রহমান, টাঙ্গাইল দর্পন ও দৈনিক দেশবার্তার জেলা প্রতিনিধি উবাঈদ হুসাইন আল্ সামি, দৈনিক আগামীর সময়ের চৌগাছা প্রতিনিধি জুবায়ের হোসেন এবং প্রতিষ্ঠাতা সদস্য নাজিম উদ্দীন। বক্তারা বলেন, সমাজ বিনির্মাণে নজিবার রহমানের নিঃস্বার্থ ত্যাগ ও সুদূরপ্রসারী চিন্তা এলাকার মানুষের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। একজন শিক্ষানুরাগী ও সমাজসেবী হিসেবে তাঁর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।
স্মরণসভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাঠাগারের লাইব্রেরিয়ান হাবিবুর রহমান, স্থানীয় বিশিষ্ট ব্যক্তি আক্তারুজ্জামান ও সাহাজুর রহমান। এছাড়াও মরহুমের পরিবারের পক্ষ থেকে তাঁর দুই সন্তান রওশন আলী ও জাকির হোসেন উপস্থিত ছিলেন। সভার শুরুতেই উপস্থিত সুধীবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং তাঁর রেখে যাওয়া নীতি ও আদর্শকে পাথেয় করে পাঠাগারের কার্যক্রম আরও বেগবান করার দৃঢ় প্রত্যয় প্রকাশ করেন।
আলোচনা পর্ব শেষে মরহুম নজিবার রহমানের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন বাড়ীয়ালী হাউলী মাধ্যমিক বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা আব্দুল্লাহ্ আল্ মামুন। মোনাজাতে মরহুমের রূহের মাগফিরাতের পাশাপাশি শোকাহত পরিবারের ধৈর্য ধারণ এবং পাঠাগারের সার্বিক উন্নতি ও সমৃদ্ধি কামনা করে পরম করুণাময়ের দরবারে প্রার্থনা করা হয়।