মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

রেল কর্মকর্তার ওপর হামলার প্রতিবাদে টাঙ্গাইল রেলওয়ে স্টেশনে মানববন্ধন, হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও নিরাপদ কর্মস্থলের দাবি

প্রকাশিত: ২০২৬-০৮-১০ ২৩:৩৯:০৯

News Image

টাঙ্গাইল দর্পণ প্রতিনিধি:
রাজশাহী রেলওয়ে স্টেশনে চিফ কমার্শিয়াল ম্যানেজার আহসানউল্লাহ ভূঁইয়ার ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন করেছেন রেলওয়ে স্টেশনের বুকিং সহকারীরা।

 

আজ সোমবার (১০ আগস্ট) দুপুরে টাঙ্গাইল রেলওয়ে স্টেশন প্রাঙ্গণে স্টেশনের সকল বুকিং সহকারীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

মানববন্ধনে বক্তারা বলেন, দায়িত্ব পালনরত একজন রেলওয়ে কর্মকর্তার ওপর হামলার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। এ ধরনের ঘটনা শুধু একজন কর্মকর্তার নিরাপত্তাকেই প্রশ্নবিদ্ধ করে না, বরং রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের সামগ্রিক কর্মপরিবেশেও নেতিবাচক প্রভাব ফেলে।

 

তারা হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একই সঙ্গে রেলওয়ে কর্মকর্তা-কর্মচারীদের জন্য নিরাপদ ও নির্বিঘ্ন কর্মপরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

 

মানববন্ধনে বক্তব্য দেন টাঙ্গাইল রেলওয়ে স্টেশনের প্রধান বুকিং সহকারী রেজাউল করিম, সহকারী স্টেশন মাস্টার নাজমুল ইসলাম, বুকিং সহকারী গ্রেড-২ আশরাফুল ইসলাম ও তারেক রহমানসহ অন্যরা।

 

বক্তারা বলেন, রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীরা প্রতিদিন যাত্রীসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। দায়িত্ব পালনকালে তাঁদের ওপর হামলা, হুমকি কিংবা কোনো ধরনের হয়রানি কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

 

মানববন্ধন থেকে রাজশাহী রেলওয়ে স্টেশনে হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার, সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনা এবং রেলওয়ে কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানানো হয়।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭