রবিবার ০৯ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

টাঙ্গাইলে নিহত বাস-মিনিবাস মালিকদের পরিবারকে অনুদান ও সম্মাননা প্রদান

প্রকাশিত: ২০২৬-০৮-০৮ ১১:৫০:২০

News Image

নিজস্ব প্রতিনিধি:
টাঙ্গাইলে বিভিন্ন সময়ে নিহত ১৪ জন বাস-মিনিবাস মালিকের পরিবারের পাশে দাঁড়িয়েছে টাঙ্গাইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতি। নিহতদের পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়ে প্রত্যেক পরিবারকে ৫০ হাজার টাকা করে আর্থিক অনুদান, উপহার ও সম্মাননা প্রদান করা হয়েছে।

 

শুক্রবার (৭ আগস্ট, ২০২৬) দুপুরে টাঙ্গাইল জেলা বাস টার্মিনাল ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব অনুদান ও উপহার সামগ্রী পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়।

 

টাঙ্গাইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতির আহ্বায়ক শফিকুর রহমান খান শফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, বাস-মিনিবাস মালিক সমিতির যুগ্ম আহ্বায়ক তারিকুল ইসলাম ঝলক, সৈয়দ জাদিদুল হক জাদিদ, সদস্য সচিব নিলুফা ইয়াসমিন খান, সাবেক প্যানেল মেয়র মোমিনুল হক খান নিক্সন, বাসকোস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মমিনুল হক লাভলু, ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. শামসুল আলমসহ বাস-মিনিবাস মালিক সমিতির নেতৃবৃন্দ ও মালিকরা।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, বাস-মিনিবাস মালিকরা দীর্ঘদিন ধরে পরিবহন খাতের সঙ্গে যুক্ত থেকে মানুষের যাতায়াত ব্যবস্থা সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বিভিন্ন সময়ে তাদের অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে পরিবারগুলো আর্থিক ও মানসিকভাবে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছে। এমন পরিস্থিতিতে নিহত মালিকদের পরিবারের পাশে দাঁড়ানো সংগঠনের নৈতিক দায়িত্ব।

 

বক্তারা আরও বলেন, নিহতদের পরিবারের সদস্যরা যেন নিজেদের একা মনে না করেন, সে জন্য ভবিষ্যতেও তাদের পাশে থাকার চেষ্টা করা হবে। প্রয়োজনে বিভিন্ন ধরনের সহযোগিতা ও মানবিক সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন তারা।

 

অনুষ্ঠানে প্রয়াত বাস-মিনিবাস মালিকদের আত্মার শান্তি কামনা করা হয় এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

 

পরে নিহত ১৪ জন বাস-মিনিবাস মালিকের পরিবারের সদস্যদের প্রত্যেকের হাতে ৫০ হাজার টাকা করে আর্থিক অনুদান, উপহার ও সম্মাননা তুলে দেন সমিতির নেতৃবৃন্দ।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭