বৃহস্পতিবার ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-০৭-৩০ ২১:৪৫:২৭
এম আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি:
বগুড়া জেলা পুলিশ সুপারের বিশেষ দিকনির্দেশনায় চলমান অপরাধ দমন ও পলাতক আসামি গ্রেফতার অভিযানের অংশ হিসেবে বগুড়ার আদমদীঘি থানা পুলিশ এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) আদমদীঘি থানা পুলিশের একটি বিশেষ অভিযানে সিআর (CR) সাজা পরোয়ানা মূলে মো. আব্দুস সামাদ প্রাং (পিতা: মৃত আব্দুস সাত্তার প্রাং)-কে গ্রেফতার করা হয়। তিনি বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সান্তাহার ডাকঘরাধীন কোমল দোগাছি গ্রামের বাসিন্দা।
আদমদীঘি থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পুলিশের একটি দল তাকে নিজ এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে আদালতের জারি করা সাজা পরোয়ানা কার্যকর ছিল।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষা ও আদালতের পরোয়ানা বাস্তবায়নের লক্ষ্যে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সিআর মামলার সাজাপ্রাপ্ত ওই আসামিকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে বৃহস্পতিবারই পুলিশ স্কর্ট পার্টির মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, অপরাধ নিয়ন্ত্রণ, পলাতক আসামি গ্রেফতার এবং আদালতের পরোয়ানা বাস্তবায়নে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালিত হবে।