মঙ্গলবার ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-০৭-২১ ১৪:২৯:৩৮
নিজস্ব প্রতিনিধি:
টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া ইউনিয়নে স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও সন্ত্রাস প্রতিরোধে কমিউনিটি পুলিশিং কার্যক্রমের আওতায় এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ জুলাই, ২০২৬) দুপুরে কাকুয়া ইউনিয়ন পরিষদ হলরুমে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এইচ এম মাহবুব রেজওয়ান সিদ্দিকী।
সভায় তিনি বলেন, "অপরাধ দমনে শুধু পুলিশের একক প্রচেষ্টা যথেষ্ট নয়। মাদক, কিশোর গ্যাং, ইভটিজিং, চাঁদাবাজি ও সন্ত্রাস নির্মূলে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক, সামাজিক সংগঠন এবং সাধারণ জনগণকে পুলিশের সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে হবে। কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে জনগণ ও পুলিশের মধ্যে পারস্পরিক আস্থা বৃদ্ধি পেলে অপরাধ নিয়ন্ত্রণ আরও সহজ হবে।"
বিশেষ অতিথির বক্তব্যে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য দ্রুত পুলিশকে জানাতে হবে। অপরাধীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না এবং সমাজকে নিরাপদ রাখতে পুলিশ সবসময় জনগণের পাশে রয়েছে।
সভায় আরও বক্তব্য দেন কাকুয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জয়নাল আবেদীন, জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজ করিম, কাকুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদাত হোসেন সাহা এবং সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম।
বক্তারা মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও নিরাপদ সমাজ গঠনে সকল শ্রেণি-পেশার মানুষের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তারা কিশোরদের অপরাধপ্রবণতা থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত ভূমিকার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।
এ সময় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, ইমাম, সামাজিক সংগঠনের প্রতিনিধি, কমিউনিটি পুলিশিং সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে পুলিশ ও জনসাধারণের মধ্যে নিয়মিত সমন্বয় সভা আয়োজন এবং অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।