সোমবার ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

যত বাধাই আসুক, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশকে আন্তর্জাতিক শিক্ষা হাবে পরিণত করা হবে: নওগাঁয় শিক্ষামন্ত্রী

প্রকাশিত: ২০২৬-০৭-১৯ ১৮:৪২:৪৮

News Image

এম আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি:
নওগাঁয় উচ্চশিক্ষার নতুন দিগন্তের সূচনা হলো নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে। 

 

শনিবার (১৮ জুলাই ২০২৬) নওগাঁ উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়টির যাত্রা শুরু হয়।
 
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শিক্ষামন্ত্রী ড. আ. ন. ম. এহছানুল হক মিলন এমপি। তিনি বলেন, “যত বাধাই আসুক, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশকে আন্তর্জাতিক শিক্ষা হাবে পরিণত করা হবে।” তিনি উল্লেখ করেন, দেশের মেধাবী শিক্ষার্থীদের কোনো ঘাটতি নেই, তবে তাদের জন্য প্রয়োজন বিশ্বমানের শিক্ষা, গবেষণা ও দক্ষতা বিকাশের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা।
 
শিক্ষামন্ত্রী আরও বলেন, সরকার যুগোপযোগী ও বাস্তবমুখী শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে। আধুনিক অবকাঠামো, প্রযুক্তিনির্ভর শিক্ষা এবং গবেষণার প্রসারের মাধ্যমে দেশের শিক্ষাব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি শিক্ষাব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে নির্ধারিত সময়সূচি অনুযায়ী পাবলিক পরীক্ষা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
 
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। তিনি বলেন, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের যাত্রা এ অঞ্চলের শিক্ষা, গবেষণা ও কর্মসংস্থানের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। শিক্ষার উদ্দেশ্য কেবল চাকরি নয়, বরং দক্ষ, সৃজনশীল, নৈতিক ও দেশপ্রেমিক নাগরিক গড়ে তোলা এমনটাই হওয়া উচিত বলে তিনি উল্লেখ করেন।
 
তিনি আরও বলেন, “জেনজি চেতনা মানে শৃঙ্খলা ও মেধার জয়, নকলের সুযোগ নয়।” শিক্ষা খাতে বরাদ্দের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করার আহ্বানও জানান তিনি।
 
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ, ইউজিসির সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ আল মামুন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ.এস.এম. আমানউল্লাহ এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল।
 
অনুষ্ঠানে নওগাঁ জেলার ৬টি সংসদীয় আসনের সংসদ সদস্যবৃন্দ, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষাবিদ এবং সুধীজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাছানাত আলী।
 
উল্লেখ্য, প্রথম বছরে ৮০ জন শিক্ষার্থী নিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করেছে নওগাঁ বিশ্ববিদ্যালয়। উদ্বোধনী দিনে ৮০ জন শিক্ষার্থীকে ৮০টি আম্রপালী গাছ উপহার দিয়ে বরণ করা হয়, যা পরিবেশবান্ধব ও ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে সবার প্রশংসা কুড়িয়েছে।
 
নওগাঁ বিশ্ববিদ্যালয়ের এই যাত্রা জেলার শিক্ষাব্যবস্থায় নতুন অধ্যায়ের সূচনা করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭