রবিবার ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-০৭-১৯ ১২:৪২:১৯
দেলদুয়ার (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ফাজিলহাটি ইউনিয়নের এলাচিপুর চরপাড়া বাজারে ইভটিজিং, বাল্যবিবাহ, মাদক, জুয়া, অনলাইন জুয়া ও দুর্নীতিবিরোধী এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াৎ হোসেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, "মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, কিশোর গ্যাং, অনলাইন জুয়া ও দুর্নীতি শুধু ব্যক্তি বা একটি পরিবার নয়, পুরো সমাজের জন্য হুমকি। এসব অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সর্বস্তরের জনগণকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।"
তিনি আরও বলেন, তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, স্থানীয় জনপ্রতিনিধি এবং সমাজের সচেতন নাগরিকদের সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড, মাদক ব্যবসা, ইভটিজিং কিংবা বাল্যবিবাহের তথ্য গোপন না রেখে দ্রুত পুলিশকে অবহিত করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও জনগণের পারস্পরিক সহযোগিতাই নিরাপদ সমাজ গঠনের অন্যতম ভিত্তি বলে উল্লেখ করেন।
সভায় বক্তারা বলেন, ইভটিজিং, মাদক, জুয়া, কিশোর গ্যাং ও বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধি নির্মূলে কেবল আইন প্রয়োগই যথেষ্ট নয়; প্রয়োজন সামাজিক সচেতনতা, পারিবারিক মূল্যবোধ এবং সম্মিলিত সামাজিক প্রতিরোধ। সচেতন সমাজ গড়ে তুলতে নিয়মিত এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার ওপরও গুরুত্বারোপ করা হয়।
আলোচনা সভায় ফাজিলহাটি ইউনিয়নের স্থানীয় বাসিন্দা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুধীজন, শিক্ষক, যুবসমাজ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা সমাজ থেকে অপরাধ নির্মূলে পুলিশকে সর্বাত্মক সহযোগিতা করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সভা শেষে উপস্থিত সবাই মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, জুয়া ও দুর্নীতিমুক্ত, নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।