শনিবার ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-০৭-০৪ ২১:৪১:৫৫
উবাঈদুল হুসাইন আল্ সামি, যশোর প্রতিনিধি:
ডাক বিভাগের কর্মচারী হিসেবে স্বীকৃতি ও বকেয়া বেতন প্রদান বেতন বৃদ্ধি এই দুই দাবিতে কঠোর আন্দোলনে নেমেছেন দেশের ডাক কর্মচারীরা।
এই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আজ ০৪ জুলাই, ২০২৬ শনিবার সকালে যশোর প্রেসক্লাবের সামনে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করে বাংলাদেশ ডাকঘর কর্মচারী সমিতি, বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদ ও বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়ন (রেজি নং-বি-২০৩১)। মানববন্ধনে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, এবার দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবেন না।
দীর্ঘদিনের বৈষম্য দূরীকরণে আগামী সোমবার (৬ জুলাই) সকাল থেকে সারা দেশের সব শাখা ডাকঘরে একযোগে 'পূর্ণ কর্মবিরতি (ধর্মঘট)' পালনের ঘোষণা দিয়েছে আন্দোলনকারী সংগঠনগুলো।
আন্দোলনকারী নেতারা জানান, গত ১৭ ও ১৮ জুন ডাক অধিদপ্তরের সামনে তারা টানা অনশন কর্মসূচি পালন করেন। এরপর কর্তৃপক্ষের কোনো দৃশ্যমান পদক্ষেপ না পেয়ে তারা তিন দিনের "কলম বিরতি" পালন করেন। কিন্তু প্রশাসনের উদাসীনতা না কাটায় বাধ্য হয়েই আগামী ৬ জুলাই থেকে অনির্দিষ্টকালের জন্য "পূর্ণ কর্মবিরতি"র মতো কঠোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় কমিটি।
মানববন্ধনে বিশেষ অতিথির বক্তব্যে সংগঠনের খুলনা বিভাগীয় মহিলা বিষয়ক সম্পাদিকা শাহানাজ পারভিন বলেন, "আমরা নিষ্ঠার সাথে সেবা দিলেও আমাদের ন্যায্য দাবি বারবার উপেক্ষা করা হয়েছে। প্রশাসনের ঘুম না ভাঙায় আমরা রাজপথে নেমেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত সোমবারের কর্মবিরতি শিথিল করা হবে না।"
বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়নের জেলা সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আকাশের নেতৃত্বে মানববন্ধনে যশোরের আটটি উপজেলার সভাপতিসহ কয়েকশত সাধারণ কর্মচারী অংশ নেন।
ডাক কর্মচারীদের এই কঠোর অবস্থানের কারণে আগামী সোমবার থেকে দেশের প্রান্তিক পর্যায়ের ডাক যোগাযোগ ও আর্থিক লেনদেন ব্যবস্থা স্থবির হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। সাধারণ গ্রাহকদের চরম ভোগান্তি এড়াতে দ্রুত এই সংকটের কার্যকর সমাধান দাবি করেছেন সংশ্লিষ্টরা।