মঙ্গলবার ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-০৫-২৬ ১৭:৩৯:১০
নিজস্ব প্রতিনিধি:
ঈদের ছুটির দ্বিতীয় দিনে উত্তরবঙ্গের ঘরমুখো মানুষের ঢল নেমেছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে। তবে অতিরিক্ত গাড়ির চাপ, বৃষ্টি এবং রাতে যমুনা সেতুর সংযোগ সড়কে কয়েকটি যানবাহন বিকল হয়ে যাওয়ার কারণে মহাসড়কের ২২ কিলোমিটার এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে তীব্র যানজট।
গত সোমবার রাত থেকেই সেতুর টোল প্লাজা থেকে রাবনা পর্যন্ত যানবাহনগুলো আটকে আটকে চলছে, যা মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত অব্যাহত ছিল। দীর্ঘ সময় রাস্তায় আটকে থাকায় ঈদযাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন, বিশেষ করে নারী, শিশু ও বৃদ্ধদের কষ্ট সবচেয়ে বেশি হচ্ছে। গোড়াই, মির্জাপুর, টাঙ্গাইল বাইপাস ও এলেঙ্গা হয়ে যমুনা সেতুর পূর্ব পাড় পর্যন্ত গণপরিবহনের পাশাপাশি মাইক্রোবাস, প্রাইভেটকার, মোটরবাইক ও খোলা ট্রাকে করে মানুষকে গন্তব্যে ছুটতে দেখা গেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং মহাসড়কে চুরি, ছিনতাই ও ডাকাতি রোধে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে জেলা পুলিশের প্রায় এক হাজার সদস্য কাজ করছেন। এছাড়া যমুনা সেতুর উপর বিশেষ নজরদারির পাশাপাশি জোরদার করা হয়েছে পুলিশি টহল।
এদিকে সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় এই রুটে ৫৩ হাজার ২৪৬টি যানবাহন পারাপার হয়েছে, যা থেকে মোট ৩ কোটি ৭৭ লাখ ৫৮ হাজার ২০০ টাকা টোল আদায় করা হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গগামী ৩২ হাজার ১৮৬টি গাড়ি থেকে ১ কোটি ৯৬ লাখ ৪০ হাজার ৭০০ টাকা এবং ঢাকাগামী ২১ হাজার ৬০টি গাড়ি থেকে ১ কোটি ৮১ লাখ ১৭ হাজার ৫০০ টাকা টোল উঠেছে।
যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, রাতের বৃষ্টি আর অতিরিক্ত গাড়ির কারণেই এই জটলা তৈরি হয়েছে, তবে বেলা বাড়ার সাথে সাথে রাস্তা স্বাভাবিক হয়ে আসবে।