শুক্রবার ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-০৩-০৪ ২৩:৫৫:৫৮
নিজস্ব সংবাদদাতা:
টাঙ্গাইলের দেলদুয়ারে এক্সকাভেটর (বেকু) দিয়ে ফসলি জমিতে অবৈধ ভাবে পুকুর খননের চেষ্টা, ভ্রাম্যমাণ আদালত বেকুর ব্যাটারী জব্দসহ বিভিন্ন সরঞ্জাম বিনষ্ট করেছে।
মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬) বিকেল ৪টার দিকে উপজেলার পাথরাইল গাদতলা গ্রামে এই অভিযান পরিচালনা করেন দেলদুয়ার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মোহাইমিনুল ইসলাম। স্থানীয় সূত্রে জানা যায়,পাথরাইল উপজেলার সেহরাতৈল গ্রামের ভেবল মিয়ার ছেলে মঞ্জুরুলসহ অমিনুর, বিপ্লব ও নজরুল মিলে অবৈধভাবে এলাকার শত বছরের পুরনো ইরি ধানের ব্লকের সাথে মানুষের জাতায়াতের রাস্তা মধ্যখানে এক্সকাভেটর (বেকু) দিয়ে পুকুর খননের চেষ্টা চালায়। এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মোহাইমিনুল ইসলাম। এক্সকাভেটর চালক পালিয়ে যাওয়াতে এবং ঘটনার সত্যতা পাওয়ায় এক্সকাভেটরের ব্যাটারী জব্দ এবং বিভিন্ন সরঞ্জাম বিনষ্ট করা হয়।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মোহাইমিনুল ইসলাম বলেন, অবৈধভাবে ভেকু দিয়ে কৃষি জমিতে মাঁটিকাটা অপরাধ। খবর পেয়ে আমরা ঘটনা স্থলে আসি। সত্যতা পাওয়া যায় এবং ভেকু চালক সহ লোকজন পালিয়ে যায়। পরে, এক্সকাভেটর (বেকু)-র ব্যাটারী জব্দ এবং বিভিন্ন সরঞ্জাম বিনষ্ট করা হয়। তিনি আরো বলেন- আমাদের এ ধরণের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।