বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

Logo
Add Image

জাতীয়

হাদি হত্যা মামলার বিচার এই সরকারের মেয়াদেই হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিত: ২০২৬-০১-০৫ ১৮:২৪:৫৮

News Image

অনলাইন ডেস্ক:
শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার বিচার বর্তমান সরকারের মেয়াদেই সম্পন্ন হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। মামলাটির তদন্ত শেষ পর্যায়ে রয়েছে এবং শিগগিরই আদালতে চার্জশিট দেওয়া হবে বলে জানান তিনি। একই সঙ্গে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার সর্বোচ্চ কঠোর অবস্থানে থাকবে বলেও স্পষ্ট করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

 

আজ ৫ জানুয়ারি, ২০২৬ সোমবার রাজধানীর সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, ওসমান হাদি হত্যাকাণ্ড একটি চাঞ্চল্যকর ঘটনা। এখন পর্যন্ত এ মামলায় ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। “এই সরকারের সময়েই মামলাটির বিচার শেষ করে ন্যায়বিচার নিশ্চিত করা হবে,” বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

 

নির্বাচনের প্রেক্ষাপটে তিনি বলেন, ঘোষিত সময় অনুযায়ী নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে সব ধরনের সহায়তা দিচ্ছে সরকার। নির্বাচনকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের সহিংসতা বা বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে জন্য গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে যারা পরিবেশ বাধাগ্রস্ত করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।


স্বরাষ্ট্র উপদেষ্টা হুঁশিয়ারি দিয়ে বলেন, “নির্বাচন বানচালের যে কোনো অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে।” ভোটকেন্দ্রসহ নির্বাচন সংশ্লিষ্ট যেকোনো স্থানে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনে অবাধভাবে কাজ করবে বলেও জানান তিনি।


আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি জানান, সারা দেশে অপরাধ দমন ও অস্ত্র উদ্ধারে চলমান অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ এর আওতায় গত ১৩ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত ১৪ হাজার ৫৬৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা ও ওয়ারেন্টসহ মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ হাজার ৮০৪ জনে। অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।


সড়ক অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি করলে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও সতর্ক করেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টার ভাষায়, “রাস্তাঘাট বন্ধ করে রাজনৈতিক কর্মসূচি দিলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে।” পাশাপাশি রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, দুষ্কৃতকারীরা যাতে বিভিন্ন দলে অনুপ্রবেশ করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।


দুর্নীতিবিরোধী অভিযান প্রসঙ্গে তিনি জানান, গাইবান্ধায় ঘুষের ৩৬ লাখ টাকাসহ হাতেনাতে আটক এলজিইডির নির্বাহী প্রকৌশলী ছাবিউল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন মামলা করেছে। এছাড়া মাদকবিরোধী অভিযানে গত ডিসেম্বর মাসে শত শত মামলা ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে বলে জানান তিনি।


সভায় সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার প্রতিরোধ, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং বাংলাদেশ মিয়ানমার সীমান্তে নিরাপত্তা জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়। শৈত্যপ্রবাহের কারণে কুয়াশায় সড়ক দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে উল্লেখ করে পরিবহন চালকদের সতর্ক থাকার আহ্বানও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭