মঙ্গলবার ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

টাঙ্গাইলে ধরেরবাড়ী মুসলিম হাইস্কুলে এসএসসি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ

প্রকাশিত: ২০২৬-১১-২৪ ১২:৫৬:৪৬

News Image

নিজস্ব প্রতিনিধি:
টাঙ্গাইল সদর উপজেলার ঐতিহ্যবাহী ধরেরবাড়ী মুসলিম হাইস্কুল অ্যান্ড কলেজে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণকে কেন্দ্র করে বোর্ড নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। বাধ্যতামূলক কোচিংয়ের নামে প্রত্যেক পরীক্ষার্থীর কাছ থেকে অতিরিক্ত ১ হাজার ২০০ টাকা করে আদায় করছেন বলে অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শহিদুল ইসলামের বিরুদ্ধে।

 

এ ঘটনায় সোমবার (২৩ নভেম্বর) দুপুরে কয়েকজন শিক্ষার্থী জেলা প্রশাসক (ডিসি) বরাবর লিখিত অভিযোগ করেছেন। তবে অভিযোগ দেওয়ার বিষয়টি জানাজানি হওয়ার পর ভুক্তভোগী শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকদের ডেকে নিয়ে শাসানো এবং অভিযোগের প্রাপ্তিস্বীকার (রিসিভ) কপি কেড়ে নেওয়ার অভিযোগও উঠেছে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে।

 

শিক্ষা বোর্ডের নির্ধারিত ফি অনুযায়ী, ২০২৭ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য ২ হাজার ৪৩৫ টাকা এবং মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জন্য ২ হাজার ৩১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। কিন্তু অভিযোগ অনুযায়ী, নির্ধারিত ফির বাইরে কোচিং ফি বাবদ অতিরিক্ত ১ হাজার ২০০ টাকা বাধ্যতামূলক করা হয়েছে। এ টাকা পরিশোধ না করলে ফরম পূরণ করতে দেওয়া হবে না বলেও শিক্ষার্থীদের জানানো হয়েছে।

 

লিখিত অভিযোগে শিক্ষার্থীরা উল্লেখ করেন, অতিরিক্ত কোচিং ফি দেওয়ার বাধ্যবাধকতা তাঁদের ওপর আর্থিক চাপ সৃষ্টি করছে। বিশেষ করে অসচ্ছল পরিবারের শিক্ষার্থীদের পক্ষে এ অর্থ পরিশোধ করা অত্যন্ত কঠিন। ফলে অনেক শিক্ষার্থী ফরম পূরণ নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন।

 

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থী অভিযোগ করে বলেন, জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেওয়ার বিষয়টি জানাজানি হলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাঁদের ডেকে পাঠান। এ সময় অভিযোগের প্রাপ্তিস্বীকার কপি কেড়ে নেওয়া হয় এবং অভিভাবকদের ডেকে কড়া ভাষায় শাসানো হয়। তাঁদের আরও অভিযোগ, শ্রেণিকক্ষে যথাযথ পাঠদান না হলেও পরীক্ষায় খারাপ ফলের দায় শিক্ষার্থীদের ওপর চাপানো হচ্ছে। এমনকি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ না দেওয়ার ভয়ও দেখানো হচ্ছে।

 

এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে অভিভাবক আব্দুল হালিম বলেন, “দায়িত্বরতদের অবহেলায় প্রতিষ্ঠানের সুনাম ও শিক্ষার মান নষ্ট হচ্ছে। এতে শুধু শিক্ষার্থীরাই ক্ষতিগ্রস্ত হচ্ছে না, সরকারেরও বদনাম হচ্ছে।


”
আরেক অভিভাবক মোকিম মিয়া অভিযোগ করেন, অতিরিক্ত ফি আদায়ের পাশাপাশি বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ দায়িত্ব গ্রহণের পর থেকেই এসএসসি পরীক্ষার ফলাফলের অবনতি ঘটছে।

 

এদিকে স্থানীয় কয়েকজনের অভিযোগ, এর আগেও ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশিত হলে তিনি তৎকালীন আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ছানোয়ার হোসেনের নাম ব্যবহার করে সাংবাদিকদের দেখে নেওয়ার হুমকি দিতেন।

 

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ধরেরবাড়ী মুসলিম হাইস্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম অতিরিক্ত ১ হাজার ২০০ টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করেন। তিনি বলেন, “টেস্ট পরীক্ষায় ১০৩ জন শিক্ষার্থীর মধ্যে ৫৩ জনই ফেল করেছে। কোচিংয়ের জন্য ১ হাজার ২০০ টাকা নেওয়া হচ্ছে। এ ছাড়া অভিযোগকারী শিক্ষার্থী ও অভিভাবকদের ডেকে বিষয়টি নিয়ে বসা হয়েছে। স্কুলের বিষয়, স্কুলেই সমাধান করা হবে।”

 

তবে বোর্ড নির্ধারিত ফরম পূরণের ফির বাইরে কোচিং ফি বাধ্যতামূলক করার বৈধতা এবং অভিযোগকারী শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে আচরণের বিষয়ে তাঁর বক্তব্যে বিস্তারিত ব্যাখ্যা পাওয়া যায়নি।

 

এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে। তাঁদের দাবি, বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগের সত্যতা যাচাই, দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং কোনো শিক্ষার্থী যাতে আর্থিক অসচ্ছলতার কারণে এসএসসি পরীক্ষার ফরম পূরণ থেকে বঞ্চিত না হয়, তা নিশ্চিত করতে হবে।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭