রবিবার ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-১০-১৮ ০৪:৪৪:৫০
নিজস্ব প্রতিনিধি:
বাউলসম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস-২০২৬ উপলক্ষে টাঙ্গাইলে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জেলা প্রশাসন, টাঙ্গাইলের উদ্যোগে জনসেবা চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-২ (গোপালপুর–ভূঞাপুর) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ আবদুস সালাম পিন্টু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব আবু সাঈদ।

আলোচনা সভায় বাউলসম্রাট ফকির লালন সাঁইয়ের জীবনদর্শন, আধ্যাত্মিক চিন্তা, মানবপ্রেম এবং বাংলা লোকসংগীত ও বাউল সংস্কৃতিতে তাঁর অসামান্য অবদান নিয়ে আলোচনা করা হয়। বক্তারা লালন সাঁইয়ের মরমি দর্শন ও মানবতাবাদী চিন্তার গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে লালনগীতি ও লোকসংগীত পরিবেশন করা হয়। এসব পরিবেশনার মধ্য দিয়ে মরমি সাধক লালন সাঁইয়ের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় এবং তাঁর সংগীত ও জীবনদর্শনের চর্চাকে এগিয়ে নেওয়ার তাৎপর্য তুলে ধরা হয়।
লালন সাঁইয়ের জীবনদর্শন, অসাম্প্রদায়িক চেতনা ও মানবপ্রেমের আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরার মধ্য দিয়ে অনুষ্ঠানটি বাউল সংস্কৃতি ও বাংলা লোকসংগীতের ঐতিহ্য সংরক্ষণে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখে।